
নবকণ্ঠ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার হাইকোর্ট প্রাক্তন রাষ্ট্রপতি জ্যাকব জুমাকে মেডিকেল প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে এবং তাকে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।
৭৯ বছর বয়সী এই নেতা দুর্নীতির তদন্তে অংশ নেওয়ার নির্দেশনা উপেক্ষা করায় আদালত অবমাননার অভিযোগে ১৫ মাসের সাজা ভোগ করছেন। প্রথমে জামিনের চেষ্টা করলেও পরে তা নাকচ হওয়ায় এ বছরে জুলাইয়ের ৭ তারিখে তিনি স্বেচ্ছায় কারাবরণ করেন। যার ফলে ক্ষুব্ধ জুমা সমর্থকেরা রাস্তায় নামে এবং দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে খারাপ সহিংসতাটি সংঘটিত হয়। এতে ৩০০ জনের ও বেশি লোক নিহত এবং হাজার হাজার ব্যবসা লুটপাট ও ধ্বংস হয়ে গেছে।
গত সেপ্টেম্বরে জুমা মেডিকেল প্যারোলে মুক্তি পেয়েছিলেন। যদিও এই আইনের আওতায় ২৪ মাস পর্যন্ত কারাগারের বাইরে থাকার সুযোগ ছিলো তার। কিন্তু গত বুধবার দেশটির হাইকোর্ট তার মুক্তির সিদ্ধান্তটি বাতিল করে তাকে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে সংশোধনমূলক পরিষেবা বিভাগ জানিয়েছে যে তারা রায়টি অধ্যয়ন করছে এবং যথাসময়ে আরও ঘোষণা দেয়া হবে।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এই জ্যাকব জুমা। তিনি পরবর্তীতে দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পান এবং দুই মেয়াদে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর তার বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

