
নবকণ্ঠ ডেস্কঃ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদিত কোভিড -১৯ ভ্যাকসিনগুলো মিক্সিং এবং ম্যাচিং করা যাবে। তারা জানান যে, প্রাথমিক কোর্স এবং বুস্টার ডোজ উভয় ক্ষেত্রেই মিক্সিং এবং ম্যাচিং করা যাবে।
প্রমাণ পাওয়া গেছে যে, ভাইরাল ভেক্টর ভ্যাকসিন এবং এমআরএনএ (mRNA) ভ্যাকসিনের সংমিশ্রণ করোনাভাইরাসের বিরুদ্ধে ভালো মাত্রায় অ্যান্টিবডি তৈরি করে। ইউরোপীয় মেডিসিন এজেন্সি ( ইএমএ) এবং ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে।
একটি প্রাথমিক কোর্সের প্রথম এবং দ্বিতীয় ডোজগুলির জন্য দুটি ভিন্ন কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবহারকে “হেটারোলোগাস প্রাথমিক টিকা” বলা হয়। প্রাথমিক টিকা দেওয়ার তিন থেকে ছয় মাস পর একটি ভিন্ন কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজকে বুস্টার হিসেবে ব্যবহার করাকে বলা হয় “হেটারোলগাস বুস্টিং”।
ইএমএ-ইসিডিসি তাদের বিবৃতিটিতে আরো উল্লেখ করেছে, দীর্ঘমেয়াদী নিরাপত্তা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কার্যকারিতা সম্পর্কে আরও প্রমাণ প্রদানের জন্য গবেষণা চলমান রয়েছে।
তবুও ভিন্ন ভিন্ন সময়সূচীর ব্যবহার টিকা প্রদানের ক্ষেত্রে একটি বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে। বিশেষ করে যদি কোনো কারণে টিকার সংকট থাকে।
মার্কিন যুক্তরাষ্ট্রও মিক্স-এন্ড-ম্যাচের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো এ পদ্ধতির মূল্যায়ন করছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

