জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের কথা স্মরন করলেন ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের কথা স্মরন করলেন ড. ইউনূস

নবকণ্ঠ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। ৫ই আগস্ট স্বৈরাচার থেকে মুক্তির জুলাই গণঅভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন সবচেয়ে দুর্ভেদ্য বলে বিবেচিত কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, জুলাই মাস গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মারক। তার ভাষায়, জাতির স্মৃতিতে জুলাই একটি দীর্ঘ ৩৬ দিনের মাস, যে মাসে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সমগ্র জাতি অভূতপূর্ব ঐক্যের পরিচয় দিয়েছিল।

বিজ্ঞাপন

তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের অবদানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি, পেশা বা গোষ্ঠীর আন্দোলন ছিল না; এটি ছিল দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের এক অনন্য উদাহরণ। তিনি স্কুল, কলেজ, মাদরাসা এবং পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রিকশাচালক, শ্রমজীবী মানুষ, বিভিন্ন পেশাজীবী, চিকিৎসকদের স্বরণ করেন। সেই সাথে তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই আন্দোলনে নারীরা যে অসীম সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দূরদর্শী নেতৃত্ব ও সাহসিকতাও আগামী প্রজন্মকে দেশগঠনে উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেন।

সাবেক প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষকে ঐক্যের প্রকৃত শক্তি উপলব্ধি করতে শিখিয়েছে। গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

 

 

এই সাইটের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.