নবকণ্ঠ ডেস্কঃ প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে দীর্ঘদিনের একটি জটিলতা অবশেষে দূর হলো। এখন থেকে পাসপোর্ট না থাকলেও প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) গত বুধবার (২০ আগস্ট) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করার মাধ্যমে এ সুযোগ সৃষ্টি করেছে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এসওপি থেকে বিষয়টি জানা গেছে।
নতুন নিয়ম অনুযায়ী, বৈধ পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে অবস্থানরত অন্তত তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে। তবে এর পাশাপাশি আবেদনকারীর ছবি, অনলাইনে পূরণকৃত ফরম-২(ক), জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্টের কপি (বাংলাদেশি, মেয়াদোত্তীর্ণ বা বিদেশি—যে কোনো একটি) বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, নিকাহনামা, স্বামী/স্ত্রীর এনআইডি কিংবা নাগরিকত্ব সনদও জমা দেওয়া যাবে।
নতুন এসওপি অনুযায়ী, প্রয়োজনীয় নথি সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া না গেলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধি উপজেলা বা থানার নির্বাচন অফিসে জমা দিতে পারবেন।
বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তকে প্রবাসীবান্ধব একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, প্রবাসীরা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখলেও এতদিন ভোটার হতে গিয়ে পাসপোর্ট সমস্যায় পড়তেন। নতুন নিয়মে সেই বাধা দূর হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যয়নপত্রের ক্ষেত্রে যেন কোনো ধরনের অপব্যবহার না ঘটে, সেদিকে নজর দেওয়া জরুরি।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

