প্রবাসী ভোটাধিকারের জন্য এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, ফ্রান্সের রোডম্যাপ ঘোষণা

প্রবাসী ভোটাধিকারের জন্য এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, ফ্রান্সের রোডম্যাপ ঘোষণা

নবকণ্ঠ ডেস্ক: প্রবাসী ভোটাধিকারের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স তাদের রোডম্যাপ প্রকাশ করেছে।

১৭ আগস্ট রবিবার ফ্রান্স শাখার আয়োজনে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মাত্র ২১ দিনের মধ্যে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিকে নিবন্ধনের আওতায় আনার ঘোষণা দিলেও নির্বাচন কমিশন এখনো কার্যকর অনলাইন নিবন্ধন প্ল্যাটফর্ম চালু করতে পারে নি। এতে পুরো উদ্যোগ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় সদস্য ও ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী এবং জার্মানির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রান্স প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পাটোয়ারী।

সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের প্রধান চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়:
১. ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা।
২. অনলাইন প্ল্যাটফর্মে বাড়তি চাপ সামলাতে সক্ষম প্রযুক্তি নিশ্চিত করা।
৩. ভুয়া নিবন্ধন ঠেকাতে ই-কেওয়াইসি, ফেসিয়াল রিকগনিশন ও বিদেশি নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা।
৪. ভোটের গোপনীয়তা রক্ষায় ফেরত খাম, গোপন খাম ও নির্দেশিকা সম্বলিত খাম সরবরাহ করা।
৫. প্রতীক বরাদ্দ অন্তত ৪০ দিন আগে শেষ করা এবং প্রার্থীর তালিকা দ্রুত অনলাইনে প্রকাশ করে পোস্টাল ব্যালট বাতিলের হার কমানো।

সংবাদ সম্মেলনের দ্বিতীয় পর্বে ফ্রান্স প্রস্তুতি কমিটির পরিচিতি সভা হয়। কমিটির আহ্বায়ক ইফতেশাম চৌধুরী সদস্যদের পরিচয় তুলে ধরেন। এ সময় সদস্য সচিব মু. শাহপরান আহম্মেদ শাকিল অঞ্চলভিত্তিক কার্যক্রম, সদস্য সংগ্রহ, কাউন্সিল ও অর্থনৈতিক পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ জানান, ফ্রান্সের বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকেরা বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, স্থানীয় কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলায় ভূমিকা রাখবেন।

একইসঙ্গে যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, ফ্রান্স শাখা প্রবাসীদের ভোটাধিকার, এম্বাসি ও বিমানবন্দরে হয়রানি, দেশ ও দূতাবাসে কাগজপত্র সংক্রান্ত জটিলতা, ফ্রান্সে আগত শিক্ষার্থীদের সহায়তা এবং প্রবাসীদের অন্যান্য সমস্যার সমাধানে কাজ করবে।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপস্থিত নেতৃবৃন্দ।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.