ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে ‘ভেনিজিয়া এ তুয়া’ জোটের প্রার্থী পরিচিতি সভা

ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে ‘ভেনিজিয়া এ তুয়া’ জোটের প্রার্থী পরিচিতি সভা

নবকণ্ঠ ডেস্ক: ইতালির ভেনিস সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ আরও জোরালো হয়ে উঠেছে। নির্বাচন সামনে রেখে বামপন্থী রাজনৈতিক জোট ‘ভেনিজিয়া এ তুয়া’–‘মারতেল্লা সিনদাকো’ প্যানেলের মনোনীত প্রার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় বাংলাদেশ সেন্টারে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, ভোটার, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভাস্থলে শুরু থেকেই ছিল উৎসবের আমেজ, যেখানে অংশগ্রহণকারীরা স্থানীয় রাজনীতি, নাগরিক সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

অনুষ্ঠানে মেয়র প্রার্থী মারতেল্লার নেতৃত্বাধীন জোট আনুষ্ঠানিকভাবে তাদের সিটি কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেয় এবং নির্বাচনী পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে। এ সময় সিটি কাউন্সিলর পদে মানোয়ার ক্লার্কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পাশাপাশি মেস্ত্রে কার্পেনেদো মিউনিসিপ্যাল এলাকা থেকে আল আমিন হোসেন এবং মার্ঘেরা মিউনিসিপ্যাল এলাকা থেকে রুমি ভূঁইয়াকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উগো বেরগামো। তিনি তার বক্তব্যে বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক কাঠামোয় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। এ ছাড়া আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভেনিসের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন, তাই স্থানীয় সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো প্রয়োজন।

মুক্ত আলোচনায় উপস্থিত ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিশেষ করে আবাসন, নাগরিক সেবা, ব্যবসায়িক সুযোগ-সুবিধা এবং কমিউনিটির স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ সময় ভোটাররা মনোনীত প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তাদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন।

মনোনীত প্রার্থীরা তাদের বক্তব্যে নগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা বলেন, নির্বাচিত হলে স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কমিউনিটির স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ভেনিসের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশি কমিউনিটির এই সক্রিয় অংশগ্রহণ নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.