যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় প্যারিসে প্রতিবাদ ও মানববন্ধন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় প্যারিসে প্রতিবাদ ও মানববন্ধন

নবকণ্ঠ ডেস্ক: যুক্তরাষ্ট্রে মর্মান্তিকভাবে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর স্মরণে ফ্রান্সের রাজধানী Paris-এ আয়োজিত হয়েছে শোকসভা, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স’-এর উদ্যোগে গত ২৯ এপ্রিল বুধবার ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-য় অধ্যয়নরত জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডে নিহত হওয়ায় বিশ্বজুড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদ এবং নিহতদের স্মরণেই প্যারিসে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি তোলা। তারা উল্লেখ করেন, বিদেশে উচ্চশিক্ষারত শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি হয়ে দাঁড়িয়েছে।

প্যারিসের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে প্যারিস স্যাকলে, সায়েন্স পো, সরবোন ইউনিভার্সিটি, ইকোল পলিটেকনিক এবং প্যারিস সিটি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল আলম সবুজ, মুখপাত্র আল ফারাবী চৌধুরী, ফারজিন ফিওনা এবং ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার বক্তব্য রাখেন। বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

বক্তব্যে সাইফুল আলম সবুজ বলেন, শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের প্রতিটি দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। অন্যদিকে আল ফারাবি চৌধুরী বিশ্বব্যাপী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এমন ঘটনার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়া ডালিয়া নিশাত, নুরজাহান শরীফা পূর্ণতা ও তৌফাজ্জল হোসেন রাসেলসহ সংগঠনের আরও নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষপর্যায়ে নিহত জামিল লিমন ও নাহিদা বৃষ্টির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *