"জুনিয়র রাজাকারদের পাছায় লাথি মেরে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে" - রাবি ছাত্রদল সভাপতি

“জুনিয়র রাজাকারদের পাছায় লাথি মেরে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে” – রাবি ছাত্রদল সভাপতি

নবকণ্ঠ ডেস্ক: “জুনিয়র রাজাকারদের পাছায় লাথি মেরে পাকিস্তান পাঠিয়ে দেয়া হবে”- এমনই ভাষায় ছাত্রশিবিরের বিরুদ্ধে আক্রমন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী। পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে রাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল সংশ্লিষ্ট বক্তৃতায় তিনি এসব বলেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে ক্যাম্পাসের পরিবহন মার্কেট এলাকায় মিছিল শেষে সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের কণ্ঠে শোনা যায় নানা ধরনের স্লোগান, যার মধ্যে ছিল ‘গুপ্ত রাজনীতি চলবে না’, ‘শিবিরের সন্ত্রাসী রুখে দাও’, ‘জামায়াত-শিবির রাজাকার, ক্যাম্পাস ছাড়’, ‘ধর্ম নিয়ে রাজনীতি চলবে না’ ইত্যাদি। প্রায় দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন বলে জানা গেছে।

সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, দেশে কিছু পরিচয়হীন নেতৃত্ব বাংলাদেশবিরোধী কার্যক্রমে জড়িত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, এসব গোষ্ঠীকে বিরোধী দলের মতো আচরণ করতে হবে, অন্যথায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এদিকে, শাখা সভাপতি সুলতান আহমেদ রাহী তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে একটি ‘মুনাফেকি চক্র’ উন্মোচিত হয়েছে, যারা ধর্মের আড়ালে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তিনি অভিযোগ করেন, যারা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং নারীদের সম্মান করে না, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে যেমন রাজাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তেমনি বর্তমান সময়েও ‘জুনিয়র রাজাকারদের’ বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি তাদের মূলধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান, অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের অবস্থান কঠিন হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন।

এর আগে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পরিবহন মার্কেট এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেতৃবৃন্দ ছাড়াও হল শাখা ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.