নবকণ্ঠ ডেস্ক: ঈদুল আজহাকে সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি বাণিজ্য মেলা। ঐতিহাসিক প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে আয়োজিত এ মেলায় প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সামাজিক ও অভিবাসনবিষয়ক সংগঠন ‘সাফ’ (এসএএফ) অষ্টমবারের মতো এ বাণিজ্য মেলার আয়োজন করে। মঙ্গলবার আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী অংশ নেন। ঈদকে ঘিরে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ব্যবসায়িক সম্ভাবনাকে তুলে ধরতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
মেলায় দেশীয় পোশাক, খাবার, গহনা, হস্তশিল্প এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের স্টল স্থান পায়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নিজেদের পণ্য সরাসরি প্রবাসী ক্রেতাদের সামনে উপস্থাপনের সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।

আয়োজক সংগঠন সাফের সভাপতি এন কে নয়ন বলেন, এবারের মেলাকে ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তিনি জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় খাবারের পরিচয় তুলে ধরার পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করে। একই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন বাজার ও ব্যবসা সম্প্রসারণের সুযোগও সৃষ্টি হয়।
মেলায় অংশ নেওয়া অনেক উদ্যোক্তা জানান, বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন তাদের জন্য অত্যন্ত ইতিবাচক। এতে একদিকে যেমন ব্যবসার প্রচার বাড়ছে, অন্যদিকে বাংলাদেশি পণ্যের প্রতি প্রবাসীদের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দেশীয় খাবার ও ঐতিহ্যবাহী পোশাকের স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে মেলায় আগত দর্শনার্থীরা বলেন, ঈদের আগে এমন আয়োজন প্রবাস জীবনে বাড়তি আনন্দ এনে দেয়। এক ছাদের নিচে দেশীয় পরিবেশ, পরিচিত স্বাদ ও উৎসবের আবহ পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকের মতে, এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাণিজ্য মেলার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও দর্শনার্থীদের আকৃষ্ট করে। গান, আড্ডা এবং প্রবাসীদের মিলনমেলায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ফলে ঈদকে ঘিরে আয়োজিত এ মেলা প্যারিসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
