
নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল জার্মানির ম্যাসে ফ্রাংকফুর্ট এর পোশাক ও চামড়াজাত পণ্যের বৈশ্বিক প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ও লেদার ওয়ার্ল্ড। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বাংলাদেশের ২০ প্রতিষ্ঠানের স্টল ছিল। ৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত এ মেলায় উপচেপড়া ভিড় আশা করা হলেও প্যারিসের সাম্প্রতিক দাঙ্গা ও বিক্ষোভের প্রভাব পড়ে এ মেলায়।
প্যারিসে অনুষ্ঠিত তিন দিনের এই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর মাধ্যমে এবং সরাসরি এসব প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান জানান, অন্যবারের তুলনায় এবার মেলায় বাংলাদেশী অধিক সংখ্যক ষ্টল অংশ নিয়েছে। ভবিষ্যতে আরো বেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বব্যাপী তৈরী পোশাকের সবচেয়ে বড় প্রস্তুতকারক দেশ বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক এবং পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো এই মেলায় অংশ নিয়েছে। অত্যন্ত বিখ্যাত এ মেলায় অংশ নিতে পেরে উৎফুল্ল বাংলাদেশী ব্যবসায়ীরা।
প্রদর্শনীতে ট্যানারি, পরিধানযোগ্য চামড়াজাত পণ্য ছাড়াও চামড়ার পোশাক, ব্যাগ, জুতা এবং ফ্যাশন পণ্যও ছিল। ফ্রান্সের বসবাসরত বাংলাদেশিদের দৃষ্টিতে এসকল মেলায় অংশগ্রহণ বাংলাদেশকে বিশ্ব বাণিজ্য অঙ্গনে পরিচয় প্রতিষ্ঠিত করতে সাহায্য করতে পারে।
মেলায় বেশির ভাগ দর্শণার্থী আসেন যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, স্পেন, ইতালি, জার্মানি এবং ইউরোপের নানা দেশ থেকে। এবারের মেলায় ১৩০০ স্টলের মধ্যে শুধু চীনেরই ১০০০ হাজার স্টল অংশ নেয়। সে তুলনায় বাংলাদেশকে অনেক এগিয়ে যেতে হবে বলে পরিলক্ষিত হয়।
