নবকণ্ঠ ডেস্কঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গ্রিসে প্রায় ২৫ হাজার বাংলাদেশির বসবাস করে। তাদের মধ্যে ১০ হাজার জনকে সম্প্রতি বৈধতা দিয়েছে দেশটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এক বিবৃতিতে জানা যায়, অভিবাসন সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের আওতায় গ্রিসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বৈধতা দেওয়া হয়েছে। এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গ্রিসের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
গত ১৬ এপ্রিল এথেন্সে নবম আওয়ার ওশান কনফারেন্সের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও গ্রিক পররাষ্ট্রমন্ত্রী জর্জ গেরাপেট্রিটিসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নৌপরিবহন, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য এবং বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। বৈঠকে শেষে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তারা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গ্রিক পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সদোরে গ্রহণ করেন। এসময় তিনি ঢাকায় কূটনৈতিক মিশন খোলা সম্পর্কে গ্রিস সরকারের আগ্রহের কথা জানান এবং ঢাকা সফর এই দূতাবাস উদ্বোধনের একটি ভালো সুযোগ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী হাছান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে মানসম্পন্ন বাংলাদেশি পণ্য সম্পর্কে অবহিত করেন ও বাংলাদেশি পণ্য আমাদানি করতে গ্রিক ব্যবসায়ীদের উৎসাহিত করার আহ্বান জানান। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন ও উপযুক্ত কৌশল খোঁজার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গ্রিস পররাষ্ট্র মন্ত্রী জানান, বিশ্বব্যাপী বাংলাদেশি কর্মীদের অত্যান্ত পরিশ্রমী হিসেবে সুনাম রয়েছে সে বিষয়ে তিনি অবহিত আছেন। একারণে আগামী দিনে গ্রিসের শ্রম বাজারে কৃষি, পর্যটন, আতিথেয়তা এবং নির্মাণখাতে প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগ করার পরিকল্পনা আছে। একইসঙ্গে নৌপরিবহন খাতে দুই দেশের মধ্যে অর্থপূর্ণ সহযোগিতা পরস্পরের পরিপূরক হিসেবে বর্ণনা করে সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নেও একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

