নবকণ্ঠ ডেস্ক: প্রবাসে বসবাসরত তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ইতালির রাজধানী রোমে বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে।
রোববার রোমের বাংলা টাউনে অবস্থিত সিলেট কাফি শপে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জার্সি উন্মোচনের মাধ্যমে প্রবাসী তরুণদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাবের পরিচালক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামিল হোসেন, মুজিবুর রহমান, নাহিদ আহমেদ, প্রিন্স হাসান আহমেদ, সাবেল আহমেদ, লায়েস আহমেদ ও সুলেমান চৌধুরীসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা ও বসবাসরত তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি নিশ্চিত করতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যস্ত প্রবাসজীবনের নানা চাপ ও একঘেয়েমি থেকে তরুণদের দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রে ক্রীড়া কার্যক্রম কার্যকর ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও জোরদার করা সম্ভব। বিশেষ করে বৃহত্তর সিলেটের ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করে প্রবাসী তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই ক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। এর মাধ্যমে প্রবাসী তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং বৃহত্তর সিলেটের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করার আশাবাদ জানান তারা।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
