নবকণ্ঠ ডেস্ক: ইতালির ভেনিসে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইতালি বিএনপি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা এ হামলার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনটির উদ্যোগে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভেনিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদেরের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রবাসের মাটিতে একজন নারী, মুক্তচিন্তার প্রতীক এবং গণআন্দোলনের একজন কর্মীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও কাপুরুষোচিত। মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং রাজনৈতিক সহনশীলতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি। দেশে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পরও প্রবাসে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকার অভিযোগ উদ্বেগজনক বলেও বক্তব্যে উল্লেখ করা হয়।

ইতালি বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভেনিসের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতালির প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রবাসের মাটিতে প্রত্যেক নাগরিকের নিরাপদে বসবাস এবং শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের অধিকার নিশ্চিত করা জরুরি। কোনো রাজনৈতিক পক্ষের হুমকি, ভয়ভীতি বা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ইতালির শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা কোনোভাবেই হামলা, লাঞ্ছনা কিংবা সহিংসতার কারণ হতে পারে না। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে ইতালি বিএনপির সাবেক সহসভাপতি সাজ্জাদুল কবির ও মইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাংগঠনিক সম্পাদক কওসার আহমেদ তাজুলসহ রোম মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
