নবকণ্ঠ ডেস্ক: ইউরোপ সফরের একের পর এক সফল কনসার্টে প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে সুইডেনের পথে যাত্রা করেছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও নগরবাউল জেমস। ইতালির রোম ও ভেনিসে দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হয়ে বুধবার সকালে রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিমিউসিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেনের উদ্দেশে রওনা দেন তিনি।
প্রিয় শিল্পীকে বিদায় জানাতে এ সময় বিমানবন্দরে ভিড় করেন ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা। জেমসকে কাছ থেকে দেখতে ও শুভেচ্ছা জানাতে আসা ভক্তদের সঙ্গে তিনি শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় পুরো পরিবেশে ছিল প্রিয় শিল্পীকে ঘিরে প্রবাসীদের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
এর আগে ইউরোপ সফরের অংশ হিসেবে লন্ডন, পর্তুগাল ও প্যারিসের পর ইতালির রোম ও ভেনিসে অনুষ্ঠিত একাধিক লাইভ কনসার্টে অংশ নেন জেমস। প্রতিটি আয়োজনেই তাঁর জনপ্রিয় গান ও স্বতন্ত্র পরিবেশনা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় দর্শকদের মধ্যেও তাঁর গান উপভোগে ছিল ব্যাপক আগ্রহ।

রোম ও ভেনিসের সফল কনসার্ট শেষে সুইডেন এখন জেমসের ইউরোপ সফরের পরবর্তী গন্তব্য। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে একটি একক লাইভ কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সুইডেনের অনুষ্ঠান শেষ করে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন এই কিংবদন্তি শিল্পী। সেখানে আগামী ১২ সেপ্টেম্বর আরও দুটি একক কনসার্টে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
দীর্ঘ সংগীতজীবনে জেমস বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী শিল্পী হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও তাঁর গান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি করেছে গভীর আবেগ ও নস্টালজিয়া। বিশেষ করে তাঁর লাইভ পারফরম্যান্স দেখতে প্রবাসীদের আগ্রহ বরাবরই আলাদা মাত্রার।
রোম বিমানবন্দরে বিদায়ের মুহূর্তে ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ ও ভক্তরা জেমসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাঁর পরবর্তী আয়োজনগুলোর সফলতা কামনা করেন। ভক্তদের ভালোবাসা ও শুভকামনা সঙ্গে নিয়েই নতুন গন্তব্য সুইডেনের পথে পাড়ি জমান নগরবাউল জেমস।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
