
নবকণ্ঠ ডেস্কঃ মুসলিম বিশ্বের নিন্দা ও নানান দিক থেকে আসা হুমকির মুখে টনক নড়েছে সুইডেন সরকারের। বিশ্বের অন্যতম উদারপন্থী এই দেশটিতে বেশ কয়েকবার কোরআন পুড়িয়ে বিক্ষোভ করার ঘটনার পর দেশটির সরকার আইন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সংশোধনীর ফলে বাড়বে পুলিশের ক্ষমতা। এতে বিক্ষোভ, সমাবেশ ও মিছিলের অনুমতির বিষয়টি নির্ভর করবে পুলিশের সিদ্ধান্তের উপর।
গত ১৯ আগস্ট শুক্রবার সুইডেনের বিচার বিষয়ক মন্ত্রী গানার স্ট্রমের এক সংবাদ সম্মেলনে জানান যে কোরআন পোড়ানোর ঘটনাগুলোর ফলে দেশটি অভ্যন্তর ও আন্তর্জাতিক পর্যায় থেকে অসন্তোষ জানানো হয়েছে। অনেক হুমকির মুখোমুখি ও হতে হচ্ছে দেশটিকে যা দেশটির জাতীয় নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে গানার আরো বলেন যে জাতীয় নিরাপত্তাকে তারা কোনোভাবেই হুমকির মুখে ফেলতে পারবেন না।
তবে সুইডেনের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের এই সিদ্ধান্তের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের মতে এটি ইসলামপন্থী বিশ্বের সামনে ‘নতজানু হওয়া’। এমনকি সরকার সমর্থক দল সুইডেন ড্যামোক্রেটস ও একই মতামত প্রদান করেছে।
ইতোমধ্যেই কয়েকটি দেশে সুইডেন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। জংগি হামলার আশংকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিজ দেশের নাগরিকদের জন্য সুইডেন ভ্রমণে সতর্ক থাকার বিবৃতি জারি করেছে।
সুইডেনও হামলার আশংকায় নিজ দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

