
নবকণ্ঠ ডেস্কঃ বিগত কয়েকদিন অনলাইনে প্রকাশিত বেশকিছু ভিডিও তে দেখা গেছে যে, জর্ডানের সাথে সিরিয়া সীমান্তে নাসিব পোস্টে শত শত ট্রাক দাঁড়িয়ে আছে। ট্রাকগুলো সিরিয়া থেকে উপসাগরীয় রাজ্য বিশেষ করে সৌদি আরবে যাওয়ার জন্য জর্ডান একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট জোন। এখানে বেশিরভাগ পণ্যবাহী ট্রাক আল-হাদিথা সীমান্ত পোস্ট থেকে প্রবেশ করে।
একটি ভিডিওতে একজন ট্রাক চালককে বলতে দেখা গেছে যে, সেদিন (৯ আগস্ট) সহ দশদিন ধরে তারা এই সীমান্তে কাস্টমসের জন্য অপেক্ষা করে আছে। সেখানে আটকে থাকা কিছু যানবাহন অন্যান্য পণ্য বহন করলেও অনেকগুলোই সবজি ও ফলমূলে ভরা রেফ্রিজারেটেড বগি বহন করছে।
নাসিব সীমান্ত পোস্টে সিরিয়ার হয়ে কাজ করা একজনের সাথে কথা বলে জানা গেছে যে, কি কারণে যানবাহনগুলো আটকে আছে তারা তা জানে না, তবে জর্ডান এই যানবাহনগুলো ঢুকতে দিবে না।
তবে ফ্রান্স টুয়েন্টি ফোরের মতে ক্যাপ্টাগণ নামক মাদক পাচার রোধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ পাচারকারীরা অনেক সময়ই এই মাদকটি বিভিন্ন সবজি ও ফলমূলের ভিতরে করে সীমান্ত পার করে।
অন্যদিকে সৌদি সরকারের পরিবহন মন্ত্রণালয়ের জারি করা নতুন আইনও এ ধরনের পরিস্থিতির কারণ হতে পারে। নতুন নিয়ম অনুসারে, ২০ বছরের বেশি পুরোনো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রণালয়। এ নিয়ম শুধু সিরিয়া নয়, সমস্ত বিদেশি যানবাহনের ক্ষত্রে প্রযোজ্য বলে জানা গেছে।
যুদ্ধের কারণে গত এক দশক ধরে বাদ পড়ার পর গত ১৯ মে সিরিয়া আবার আরব লীগে যোগদান করে। কিন্তু বিনিময়ে দেশটির প্রেসিডেন্ট বাশার-আল-আসাদকে ক্যাপ্টাগণ পাচারের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিতে হয়।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

