নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো বৃহস্পতিবার অভিবাসন সংক্রান্ত নতুন একটি সার্কুলার ইস্যু করেছেন। নতুন সার্কুলারে বিশেষ বিবেচনায় বৈধতার ক্ষেত্রে বসবাসের শর্ত বৃদ্ধি, ফরাসি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত যোগ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সার্কুলারটি ইস্যু করেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো।
ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের অন্যতম একটি উপায় হচ্ছে ‘সার্কুলার ভালস৷’ ২০১২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস এই পদ্ধতি চালু করেছিলেন৷ নতুন এ সার্কুলার জারি করার মাধ্যমে আগের সারকুলারটি বাতিল করে দিলেন নতুন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো।
নতুন সার্কুলারটিতে আনুষ্ঠানিকভাবে অনথিভুক্ত অভিবাসীদের রেসিডেন্স পারমিট পাওয়ার ক্ষেত্রে বড় কোন পরিবর্তন আনা হয়নি। এটিতে ২০১২ সালের রোডম্যাপের পরিবর্তে কয়েকটি নির্দিষ্ট মানদণ্ডের উল্লেখ করা হয়েছে। যেখানে ২০২৪ সালের ফরাসি অভিবাসন আইনে নির্ধারিত শর্তাবলীর উপর নির্ভর করার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, সার্কুলারটি বৈধতা প্রক্রিয়াকে অস্পষ্টতার মধ্যে ফেলে দিয়েছে।
নতুন সার্কুলারে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেফেকচুরগুলোকে অনুরোধ করেছেন, তারা যেন ‘মেতিয়ের অঁ তনসিওঁ’ বা গুরুতর শ্রমিক সংকটে থাকা খাতগুলোতে কর্মরত অভিবাসীদের বৈধতার দিকে গুরুত্ব প্রদান করে। ফ্রান্সের কোন কোন খাতগুলোতে কর্মী সংকট চলছে সেগুলো দেখেন ২০২১ সালের এই তালিকায়।
নতুন সার্কুলার অনুসারে ব্রুনো রোতাইয়ো প্রেফেকচুরগুলোকে আবেদন যাচাইয়ে আরও কঠোর পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। নতুন নথিতে নিয়মিতকরণের লক্ষ্যে ফ্রান্সে কমপক্ষে সাত বছরের উপস্থিতির শর্ত আরোপ করা হয়েছে। পূর্বে যেটি ক্ষেত্রে বিশেষে তিন বা পাঁচ বছরের আওতায় আবেদন করা যেত।
রোতাইয়ো সার্কুলারে বিশেষ বিবেচনায় বৈধতা বা এইএস-এর ক্ষেত্রে সকল আবেদনকারীদের ফরাসি সমাজে ইন্টিগ্রেশন বা একীভূতরনের উপর জোরদার করতে যেসব শর্তাবলির উপর জোর দেওয়া হয়েছে তন্মধ্যে অন্যতম পুরুষ ও নারীর মধ্যে সমতা, ধর্মনিরপেক্ষতা এবং মত প্রকাশের স্বাধীনতা। তাছাড়া ফরাসি ভাষার দক্ষতার প্রমাণ দেওয়া, যেখানে পূর্বের সার্কুলার ভালসে শুধুমাত্র ফরাসি ভাষার প্রাথমিক মৌখিক দক্ষতার কথা বলা হয়েছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অনিয়মিত অভিবাসীর বিরুদ্ধে ফরাসি অঞ্চল ত্যাগের ওকিউটিএফ নোটিশ থাকে সেক্ষত্রে তার আবেদন প্রেফেকচুর প্রত্যাখ্যান করতে পারবেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
