নবকণ্ঠ ডেস্ক: ইতালির রাজধানী রোমে প্রবাসী ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে নবগঠিত সাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে সংগঠনটি।
সোমবার রোমের বন্ধু লাউঞ্জে আয়োজিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের টিম ম্যানেজার তায়েফ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিব আহমদের সঞ্চালনায় কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাকের আহমদ।
অনুষ্ঠানে সাকের স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আরিফ আহমেদ আরফিন, ডাইরেক্টর কয়েস আহমদ, অধিনায়ক মাসুম আহমদ, সহ-অধিনায়ক মিজান আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে সংগঠনের সভাপতি সাকের আহমদ বলেন, ‘মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’—এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী তরুণদের সুস্থ ও সঠিক পথে পরিচালিত করতেই সাকের স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
ক্লাবের উপদেষ্টা আরিফ আহমদ নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে বসবাসরত তরুণদের একটি সুন্দর ও সুস্থ পরিবেশের সঙ্গে যুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। শুধু খেলাধুলা নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে তাদের ইতিবাচক কাজে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
সাকের স্পোর্টিং ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রোমের বিভিন্ন প্রতিষ্ঠান। বন্ধু লাউঞ্জ, জননী আলীমেন্টারি, জেটি ফোন সেন্টার ও মন্দ বার প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে স্পন্সরশিপ দিয়ে সংগঠনের পাশে দাঁড়িয়েছে। তাদের সহযোগিতায় প্রবাসী তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
জার্সি উন্মোচনের মধ্য দিয়ে সাকের স্পোর্টিং ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে। ক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ইতালিতে বসবাসরত বাংলাদেশি তরুণদের আরও বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে। এর মাধ্যমে মাদক ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রেখে একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক প্রজন্ম গড়ে তুলতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
