সম্প্রীতির বন্ধনে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সৈকত ভ্রমণ

সম্প্রীতির বন্ধনে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সৈকত ভ্রমণ

নবকণ্ঠ ডেস্ক: ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে ‘বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্সের উদ্যোগে আনন্দঘন সমুদ্র সৈকত ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট রোববার ফ্রান্সের নরমন্দি অঞ্চলের প্লাজ দ্যু ভিলেখ-ছুর-মেখ (Plage de Villers-sur-Mer) সমুদ্র সৈকতে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।

রাজধানী প্যারিস থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরের এই সমুদ্র সৈকতে শেকড়ের টানে ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। সকাল ৯টায় প্যারিসে সবাই একত্রিত হয়ে একটি বড় বাসে করে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

যাত্রাপথেই আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। বাসের ভেতরে কুইজ প্রতিযোগিতা, গান ও নানা বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে সবাই আনন্দে মেতে ওঠেন। পুরো যাত্রাটি যেন প্রবাসের মাটিতে চলন্ত বাসের ভেতর এক টুকরো বিয়ানীবাজারের আবহ তৈরি করে।

সমুদ্র সৈকতে পৌঁছানোর পর সংগঠনের সদস্যরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। এর মধ্যে ছিল কানা মাছি, মোরগের লড়াই, বালিশ খেলা, মিনি ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলা। খেলাধুলার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক আশরাফ উদ্দীন ছুটন।

বিজ্ঞাপন

দিনব্যাপী আনন্দ ভ্রমণের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি জালাল উদ্দীন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আহমেদ, কোষাধ্যক্ষ আবু বকর ও সাংগঠনিক সম্পাদক ছরওয়ার হুসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমিনুর রশিদ টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসান আহমেদ, সায়েল আহমেদ ও লোকমান আহমেদ আপনসহ অন্যরা।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবুল হাসিম, ক্রীড়া সম্পাদক আশরাফ উদ্দীন ছুটন, সমাজসেবা সম্পাদক শিপলু আহমেদ ও কার্যকরী সদস্য আফজাল হুসেন প্রমুখ।

আলোচনা পর্ব শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিশু-কিশোরসহ অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সমুদ্রের বিশালতা, ঢেউয়ের গর্জন আর নীল জলরাশির অপরূপ সৌন্দর্যের মাঝে দিনটি ভিন্ন এক আবেগে ভরিয়ে দেয় সবাইকে। প্রবাসজীবনের ব্যস্ততার বাইরে এমন একটি মিলনমেলা অংশগ্রহণকারীদের মনে শেকড়ের প্রতি টান, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধকে আরও গভীর করে তোলে। সংগঠনের নেতৃবৃন্দের প্রত্যাশা, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও প্রবাসী বিয়ানীবাজারবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.