নবকণ্ঠ ডেস্কঃ রাজধানীর হাতির ঝিলে এবার মুক্ত পরিবেশে রোকন সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের হাতিঝিল অঞ্চল আয়োজিত জামায়াতের এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে সাভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোন পরিচালক হেমায়েত হোসাইন এবং পরিচালনা করেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক, সহকারি জোন পরিচালন জনাব আতাউর রহমান খান। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন ড. মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অথিতির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন, ছাত্র-জনতার যুগপৎ অন্দোলনের বিজয়কে টেকসই ও অর্থবহ করতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর রুকনদেরকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার আমাদেরকে মানুষের মর্যাদা দেয়নি বরং আমাদের ক্ষেত্রে সব সময় শূণ্য সহনশীলতা দেখানো হয়েছে। আমাদের ওপর অঘোষিতভাবে দেখামাত্র গুলীর নির্দেশ আগে থেকেই ছিল। এমন কোন জুলুম-নির্যাতন নেই যা আমাদের ওপর চালানো হয়নি। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনভাবেই রোধ করতে পারেনি বরং শত শাহাদাত ও জুলুম-নির্যাতনের পথ ধরেই জামায়াত কাক্সিক্ষত গন্তব্যের দিকে সফল ভাবেই অগ্রসর হচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি মানবিক সমাজ কায়েম করতে চায়। আর একাজকে গতিশীল ও অগ্রগামী করার জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যমে গণমানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। এক্ষেত্রে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের কোন বিকল্প নেই। প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে পারলেই দ্বীন কায়েমের পথ প্রশস্ত হবে। নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করার জন্য বেশি বেশি কুরআন, হাদিস ও ইসলামী অধ্যয়ন করতে হবে। সফলতার জন্য আল্লাহর সাহায্য চেয়ে তাহাজ্জুদ ও নফল ইবাদাতের মাধ্যমে আল্লাহর কাছে ধর্না দিতে হবে। তাহলেই আল্লাহ আমাদের বিজয়ী করবেন।
সাম্প্রতিক আন্দোলনে শহীদদের দেশের জাতীয় সম্পদ ও গর্বিত সন্তান উল্লেখ করে তিনি শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন করতে ও শহীদদের স্বপ্ন ন্যায়বিচার ও সাম্যের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে আহবান করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন শেরে বাংলানগর দক্ষিণ থানা আমীর আমিনুল ইসলাম, হাতিরঝিল পূর্ব থানা আমীর এ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী,তেজগাঁও দক্ষিণ থানার আমীর ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী, হাতিরঝিল পশ্চিম আমীর ইউসুফ আলী মোল্লা, তেজগাঁও উত্তর থানা আমীর হাফেজ আহসান উল্লাহ, শিল্পাঞ্চল থানা আমীর আলাউদ্দিন ও সংশ্লিষ্ট এলাকার রুকনগণ।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

