ইতালিয়ান-বাংলাদেশী বন্ধন গড়তে চান আরেজ্জো নির্বাচনে প্রার্থী রাসেল আহমেদ

ইতালিয়ান-বাংলাদেশী বন্ধন গড়তে চান আরেজ্জো নির্বাচনে প্রার্থী রাসেল আহমেদ

নবকণ্ঠ ডেস্ক: ইতালির তোসকানি অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির নগরী আরেজ্জোতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক রাসেল আহমেদ। প্রথমবারের মতো কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ইতালির মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণকে আরও দৃশ্যমান করে তুলেছেন। প্রবাসী বাংলাদেশিদের কাছে পরিচিত মুখ রাসেল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান হিসেবে দীর্ঘদিন ধরেই ইতালিতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

জানা যায়, আরেজ্জো শহরে মোট ভোটার সংখ্যা প্রায় ৫৪ হাজার। দীর্ঘ প্রায় তিন দশক ধরে ইতালিতে বসবাসকারী রাসেল আহমেদ স্থানীয়ভাবে একজন সফল ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত। ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে কমিউনিটির আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছে।

স্থানীয়দের সঙ্গে নিবিড় সম্পর্ক, কমিউনিটিভিত্তিক কাজ এবং ইতালীয় সমাজে তার গ্রহণযোগ্যতার কারণে এবারের নির্বাচনে তার প্রার্থিতা ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে ইতালির রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবেও দেখছেন।

বর্তমান সরকারদলীয় জোটের শরিক দল ফরজা ইতালিয়া থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাসেল আহমেদ বলেন, তিনি কেবল ব্যক্তি রাসেল হিসেবে নয়, বরং একজন বাংলাদেশি হিসেবে দীর্ঘদিন প্রবাসীদের পাশে থেকে কাজ করেছেন। ভবিষ্যতেও তিনি ইতালিয়ান সমাজ ও বাংলাদেশি কমিউনিটির মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চান। একই সঙ্গে নতুন প্রজন্মকে ইতিবাচক ও মূলধারাভিত্তিক সামাজিক কাঠামোর সঙ্গে যুক্ত করাও তার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি ইতালিয়ান নাগরিকদের মধ্যেও সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও জোরদার করতে কাজ করতে চান। এজন্য তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

আগামী ২৪ ও ২৫ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে রাসেল আহমেদ বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি ইতালিয়ান ভোটারদের কাছেও সমর্থন ও ভোট প্রত্যাশা করেছেন। প্রবাসীদের অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে রাসেল আহমেদ প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন এবং তার এই রাজনৈতিক অংশগ্রহণ ভবিষ্যতে ইতালির মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *