বাণিজ্য সম্প্রসারণে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত রকিবুল হকের বৈঠক

বাণিজ্য সম্প্রসারণে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত রকিবুল হকের বৈঠক

নবকণ্ঠ ডেস্ক: বাংলাদেশ ও ইতালির মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাকিবুল হক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গ্রোথ অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন’ বিভাগের মহাপরিচালক রাষ্ট্রদূত মাউরো বাতোচ্চির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত রাকিবুল হক ইতালির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ইতালির বিভিন্ন শিল্প, ব্যবসা ও সেবা খাতে বাংলাদেশিরা দক্ষতা, পরিশ্রম এবং সততার সঙ্গে কাজ করে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাচ্ছেন।

আলোচনায় বাংলাদেশ ও ইতালির মধ্যকার সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রদূত রাকিবুল হক বলেন, ইতালির বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং সঠিক নীতিগত সহায়তা পেলে এই বাজার আরও বিস্তৃত করা সম্ভব। তিনি বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং কার্যক্রম সম্প্রসারণে ইতালীয় সরকারের ইতিবাচক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও কার্যকর ও সুসংহত করতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা বাড়লে বাংলাদেশি উদ্যোক্তা ও রপ্তানিকারকদের জন্য ইতালির বাজারে নতুন সুযোগ সৃষ্টি হবে।

এদিকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রাষ্ট্রদূত মাউরো বাতোচ্চি বাংলাদেশের প্রস্তাব ও উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, ইতালির অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশি কমিউনিটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে রপ্তানি উন্নয়ন, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ইতালি আগ্রহী বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ ও ইতালির মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে। একই সঙ্গে ইতালির বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান আরও শক্তিশালী হওয়া এবং প্রবাসী উদ্যোক্তাদের নানা ব্যবসায়িক সমস্যার সমাধানে ইতিবাচক অগ্রগতি আসতে পারে বলে তারা মনে করছেন।

ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও এই বৈঠককে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *