ইতালিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী ঘিরে ব্যাপক প্রস্তুতি

ইতালিতে প্রবাসী কল্যাণ পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী ঘিরে ব্যাপক প্রস্তুতি

নবকণ্ঠ ডেস্ক: ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জুন মাসে সংগঠনের কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত এ সভায় প্রবাসী কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (১৩ মে) রাত ৮টায় ইতালির তুসকোলানা এলাকার বন্ধু লাউঞ্জ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি লায়লা শাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও জিয়াউল হোসেন, সহ সভাপতি শাহীন খলিল কাউসার, সহ সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আরিফিন, প্রচার সম্পাদক জায়দুল হক সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় আগামী জুন মাসের ২২ থেকে ২৫ তারিখের মধ্যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালির কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অভিষেক ও ঈদ পুনর্মিলনী আয়োজনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক পরিকল্পনা, অতিথি সমন্বয়, সাংগঠনিক কাঠামো, গণমাধ্যম ব্যবস্থাপনা, প্রকাশনা কার্যক্রম এবং সাংস্কৃতিক আয়োজনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়।

আলোচনায় জানানো হয়, অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

একই সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও সভায় আলোচনা হয়। এর মধ্যে নিউহ্যামের মেয়র ফরহাদ হোসেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে শাখার প্রতিষ্ঠাতা আশিকুর রহমান, মি. বারীসহ আরও কয়েকজন পরিচিত কমিউনিটি ব্যক্তিত্বের উপস্থিতির সম্ভাবনার বিষয়টি উঠে আসে।

সভায় আরও জানানো হয়, অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ থেকে জনপ্রিয় শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে।

অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রকাশনা ও স্মরণিকা উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান। তার সঙ্গে রয়েছেন মিনহাজ হোসেন, জায়েদুল হক সোহেল, আঁখি সিমা কাউছার এবং আমিনুল ইসলাম রাসেল।

দাওয়াত ও আমন্ত্রণ বিষয়ক দায়িত্ব পালন করবেন লায়লা শাহ, রেজাউল করিম, জিয়াউল হোসাইন ও শরিফ উদ্দিন। সাংস্কৃতিক উপ-কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন আরিফ আহমেদ আরিফিন, জহুরা ইসিতা এবং সাইফুল ইসলাম বেপারী।

এছাড়া গণমাধ্যম ও মিডিয়া সমন্বয়ের দায়িত্বে রয়েছেন শাহীন খলিল কাউসার, মিনহাজ হোসেন, জায়দুল হক সোহেল, আবদুল আওয়াল মাসুদ এবং রুহল আব্বানা। অন্যদিকে আপ্যায়ন ও অতিথি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন সৈয়দা মাসুদা আক্তার আরিফা, আখি ফারিয়া, সাহাজাদা ঝিনুক, মো. আকতার হোসেন, আফরোজা আক্তার ডেইজি, রিয়া সোহেল, ফারজানা মোস্তফা, সুমি ইসলাম এবং পিয়াঙ্কা হোসাইন।

সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জুনে অনুষ্ঠিতব্য অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সাংগঠনিক শক্তি, সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনেও আরও সুদৃঢ়ভাবে তুলে ধরবে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *