
নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে চলমান বাংলা নিউজ পোর্টালের সারিতে যোগ হল নতুন সদস্য ‘প্রবাস আলো’। বাংলা কৃষ্টি-কালচার তুলে ধরা সহ নতুন প্রজন্মের মধ্যে বাংলা গণমাধ্যমের বিকাশ ঘটানোর লক্ষ্যে শুরু হল প্রবাস আলো’র যাত্রা। গত ৬ মার্চ প্যারিসের বিডি কমিউনিটি হলে ইউরো উৎসব পরিবারের বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রবাস আলো’র উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রাসেল আহমেদ। সাথে সহযোগিতায় ছিলেন হ্যাপি রহমান ও রুপা শর্মা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বরলিপির সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্স এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। এছাড়াও ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও তারপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের শুরু করা হয়। এ অনুষ্ঠানে ফ্রান্সস্থ বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখা ব্যাক্তিত্বদের মধ্যে বাছাই করা আট জনকে প্রবাস আলো এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের বিনোদন পর্বে আয়োজন ছিল দম্পতি প্রতিযোগিতার। এতে প্রথম হয়েছেন হোসেন সালাম রহমান দম্পতি, দ্বিতীয় স্থানের অধিকারী হন তানিয়া দম্পতি, তৃতীয় স্থান মজুমদার দম্পতি। শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ক এবং খ বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান জিতে নেয়া শিশুদের পুরষ্কৃত করাহয়।
সঙ্গীত পর্বে মন মাতানো গান পরিবেশন করে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ও ফ্রান্স বাংলা স্কুলের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও এ পর্বে অংশ নেন অতিথি শিল্পীরা। এক পর্যায়ে কেক কাটার মাধ্যমে প্রবাস আলো অনলাইন এর উদ্বোধন ও ইউরো উৎসব পরিবারের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
ভিন্ন ভিন্ন আয়োজনে অংশগ্রহণকারী সকলকে পুরষ্কৃত করা ও উপস্থিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
