
এন আই মাহমুদঃ ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসে ৭ ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষন উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এ সভায় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নব নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
দূতাবাসের দ্বিতীয় সচিব ওয়ালিদ বিন কাশেম এর সঞ্চালনায় এতে দিবসটি উপলক্ষ্যে মাননীয় রাষ্ট্রপতির দেয়া বাণী পাঠ করে শোনান দূতাবাসের প্রথম সচিব এস এম মাহবুবুল আলম। এরপরই ঐতিহাসিক এ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর দিলারা বেগম।
নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূতের দায়িত্বগ্রহনের পর এটিই প্রথম কোনো জাতীয় দিবস উপলক্ষে প্রবাসীদের অংশগ্রহন সহ আয়োজিত ভার্চুয়াল সভা। জনাব এম. তালহা এ দিবসে গুরুত্ব বর্ণনা করে বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক “এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”- এ ঘোষনার মাধ্যমেই স্বাধীন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন শুরু হয়ে যায়। ইতিহাসের পাতায় তাই এ দিনটি এতটা উল্লেখযোগ্য।
“জয় বাংলা”কে জাতীয় স্লোগানের স্বীকৃতি প্রদান করায় তিনি উচ্ছাস প্রকাশ করে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি জাতীয় স্লোগান হওয়ারই যোগ্য ছিল। স্বাধীন বাংলাদেশের পটভূমিতে বঙ্গবন্ধুর অবদান কোনো সংক্ষিপ্ত আলোচনা নয় বলেও তিনি উল্লেখ করেন।
ভার্চুয়াল এ সভায় ঐতিহাসিক ৭ই মার্চে দেয়া বঙ্গবন্ধুর ভাষণের উপর নির্মিত বিশেষ এক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পটভূমির উপর বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম সহ ফ্রান্স আওয়ামীলীগ সহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের উল্লেখযোগ্য ব্যক্তিবৃন্দ ও সাংবাদিক নেতারা।
সর্বশেষে সমাপণী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন মান্যবর রাষ্ট্রদূত।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
