
নবকণ্ঠ ডেস্কঃ দেশের বাইরে থেকে নির্মিত “হৃদয়ে বঙ্গবন্ধু” অনুষ্ঠানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সুইজারল্যান্ড সফরকালীন প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানের নির্মাতা সাংবাদিক লুৎফুর রহমান বাবু সাক্ষাৎ করেন ও এ অনুষ্ঠান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
বিগত কয়েক বছর ধরে প্রচারিত হয়ে আসছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণমূলক একমাত্র অনুষ্ঠান “হৃদয়ে বঙ্গবন্ধু”। অনুষ্ঠানটি কয়েক বছর যাবৎ বাংলা টিভি ও শীর্ষ নিউজ ভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় সংবাদে প্রচারিত হয়ে আসছে।
সফরফত প্রধানমন্ত্রীর সাথে কুশলাদি বিনিময় করে সাংবাদিক বাবু প্রধানমন্ত্রীকে জানান, তিনি ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে “হৃদয়ে বঙ্গবন্ধু” নামে একটি অনুষ্ঠান গেল কয়েক বছর থেকে নির্মাণ করে আসছেন। “হৃদয়ে বঙ্গবন্ধু” নামে অনুষ্ঠান প্রচার হয়ে আসছে শুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক খুশি হন। তিনি এ অনুষ্ঠান চালিয়ে যেতে আরো উৎসাহ প্রদান করেন।
বাংলাদেশের বাইরে থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ মূলক এটি প্রথম কোন টেলিভিশন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিল্পী শাহাবুদ্দিন আহমদ থেকে শুরু করে এ পর্যন্ত অনেক গুণীজন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার আবু জাফর রাজু।
আন্তর্জাতিক শ্রম সংস্থার আয়োজনে ‘ ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটসহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠকে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহন করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

