
নবকণ্ঠ ডেস্কঃ বৃহস্পতিবার শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আজ(সোমবার) পঞ্চম দিনে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তির লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বেলারুশ সীমান্তে এই বৈঠক চলমান রয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি আলোচনার ফলাফল নিয়ে সন্দিহান। তিবে তিনি বিশ্বাস করেন যে সংঘাত অবসানের লক্ষ্যে এই বৈঠকের মাধ্যমে চেষ্টা অন্তত করা যায়।
এদিকে আজ বৈঠকের দিন সকালেই ইউক্রেনের শহর খারকিভে রুশ বাহিনীর রকেট হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, আগ্রাসনের শুরু থেকে ১৪ জন শিশুসহ অন্তত ৩২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, ৩ লক্ষ ৬৮ হাজারেরও বেশি ইউক্রেনীয়রা ইতিমধ্যেই পালিয়ে গেছেন। এর বেশিরভাগই আশ্রয় নিয়েছে পোল্যান্ড ও মলদোভায়।
এর পূর্বে ইইউ ক্রাইসিস কমিশনার বলেছেন, ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধে “সাত মিলিয়নেরও বেশি লোক” বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে। যা ইউরোপ মহাদেশে বহু বছরের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করতে পারে।
তবে তিনি একথাও বলেন যে, তিনি শুধুমাত্র অনুমান করছেন। কারণ যুদ্ধে সঠিক গণণা সম্ভব নয়।
এই পরিসংখ্যান স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্নের সৃষ্টি করে যে, কি হতে চলেছে বাস্তুহারা এসব ইউক্রেনীয়ের ভাগ্যে? তারা কি আর ফিরতে পারবে তাদের প্রিয় মাতৃভূমিতে? ফিরলেও কি আগের সেই স্বদেশ থাকবে নাকি সবকিছুই পালটে যাবে ইউক্রেন নামক দেশটির!
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
