প্যারিসে হামলাঃ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে সেইন নদীতেই

প্যারিসে হামলাঃ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে সেইন নদীতেই

নবকণ্ঠ ডেস্কঃ গত শনিবার সেইন নদীর ধারে আইফেল টাওয়ারের পাশে কর্তৃপক্ষের কাছে কট্টর ইসলামপন্থী হিসেবে পরিচিত এক ব্যক্তির ছুরিকাঘাতে এক জার্মান পর্যটক নিহত হয়েছে। স্বাভাবিকভাবেই এটি প্যারিসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করার মতই ঘটনা।
তবে এমন হামলার ঘটনার পরেও ফরাসি সরকার ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সেইন নদীতেই আয়োজন করার পরিকল্পনায় অটল রয়েছে বলে জানা গেছে।

ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাস্টেরা ফরাসি রেডিওকে বলেছেন যে তাদের কোনো প্ল্যান ‘বি’ নেই। তাদের একটি প্ল্যান ‘এ’ আছে যেখানে বেশ কয়েকটি বিকল্প রয়েছে।

অনুষ্ঠানে প্যারিসের পূর্বে অস্টারলিটজ ব্রিজ থেকে পশ্চিমে ইয়েনা ব্রিজ পর্যন্ত ক্রীড়াবিদ, প্রতিনিধিদল এবং কর্মকর্তাদের নিয়ে সেইন নদী বরাবর নৌকার একটি ছোট বহর নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

শনিবারের হামলার বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদী হুমকি, বিশেষ করে ইসলামি হুমকি বিদ্যমান আছে তবে এটি নতুন কিছু নয় এবং ফ্রান্স অথবা গেমসের জন্য নির্দিষ্ট কিছুও নয়।

অনুষ্ঠান স্থানান্তরের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ওউদিয়া-কাস্টেরা অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে, এ ধরণের কোনো অনুমানের উপর ভিত্তি করে তারা কাজ করছেন না।

প্যারিসের ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার ফ্রান্স ইনফো রেডিওকে বলেন, আক্রমণকারী আইফেল টাওয়ার এলাকাটিকে “অলিম্পিক সাইট” এর চেয়েও বেশি “প্রতীকী” দিক বিবেচনা করে হামলার জন্য বেছে নিয়েছিলো।
তার মতে, তারা খুব সন্তোষজনকভাবে প্রস্তুতি নিতে সক্ষম হবেন এই অলিম্পিকের জন্য।

গত সপ্তাহে প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ অলিম্পিক গেমসের জন্য পরিকল্পিত কঠোর নিরাপত্তা পরিধি সম্পর্কে লে প্যারিসিয়েন সংবাদপত্রকে বলেন, ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের সময় বিশেষ নিয়ম প্রযোজ্য হবে। এসময় উচ্চ-নিরাপত্তা পরিধি “খুব বড়” হবে।

উল্লেখ্য, অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠান মূল অ্যাথলেটিক্স স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

-৩১১

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.