মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস: ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক মানববন্ধন থেকে প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ আর কোনোভাবেই ৫ আগস্টের আগের রাজনৈতিক বাস্তবতায় ফিরে যাবে না। জুলাই সনদ এবং গণভোটের ফলাফল উপেক্ষার প্রতিবাদ জানাতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার (১ মে) প্যারিসের ঐতিহাসিক বাস্তিল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী এবং শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য ইতিহাসের একটি প্রসঙ্গ টেনে এনে বলেন, “জুডাস মাত্র ৩০টি রৌপ্য মুদ্রার বিনিময়ে ঈসা নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আজ আমরা জানতে চাই—কোন মূল্যে বাংলাদেশকে আবার সেই পুরনো ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হলো?” তার এই বক্তব্যে উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
তিনি আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে সরে আসবে না এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের রায়ই চূড়ান্ত হওয়া উচিত। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা সবসময় দেশের জনগণের পক্ষে এবং গণতন্ত্রের স্বার্থে সোচ্চার থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসীরা যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, ঠিক একইভাবে জুলাই সনদের বাস্তবায়নের দাবিতেও আন্তর্জাতিক পরিসরে জনমত গড়ে তোলা হবে। তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আবু মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশি নাগরিক পরিষদের সিনিয়র সদস্য শহিদুল ইসলামসহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নির্বাহী সদস্য মো. সাকিব হোসেন, মাজহারুল হক তালুকদার, মানবাধিকার সংগঠন এফডিএইচআর-এর সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুল আলম, ওয়াদুদ তানভীর, আনোয়ার রুল ইসলাম, তাওহিদা বেগম, আজিমুল হক খান, সাংবাদিক সরদার হাসান ইলিয়াছ, আরাফাত রহমান, গবেষক ইকরামুল কবির সালমান ও জাফরুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ কর্মসূচিতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নানা স্তরের মানুষ অংশ নেন। সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, নারী ও শিশুদের উপস্থিতিতে মানববন্ধনটি একটি বড় ধরনের প্রবাসী সমাবেশে রূপ নেয়, যেখানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ ও প্রতিবাদ একসঙ্গে প্রতিফলিত হয়।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
