ফিলিস্তিন-ইসরায়েল: অবশেষে চারদিনের যুদ্ধবিরতি

ফিলিস্তিন-ইসরায়েল: অবশেষে চারদিনের যুদ্ধবিরতি

নবকণ্ঠ ডেস্কঃ অবশেষে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, শুক্রবার সকাল ৭ টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে। যুদ্ধবিরতির মেয়াদ মোট চারদিন বলে জানা গেছে।
শুক্রবার বিকেল ৪ টার দিকে ১৩ জন জিম্মিকে হামাস মুক্তি দিতে সম্মত হয়েছে।

২৩ নভেম্বর ( বৃহস্পতিবার ), কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন যে, হামাস যুদ্ধবিরতির চার দিনে মোট ৫০ জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে। আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

তিনি জানান যে, একই পরিবারের জিম্মিদেরকে একই দলে রাখা হবে এবং প্রতিদিন কিছু বেসামরিক নাগরিককে অন্তর্ভুক্ত করা হবে। প্রথমত নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে নিরাপত্তাজনিত কারণে গাজা থেকে জিম্মিদেরকে কোন পথে নিয়ে যাওয়া হবে তা প্রকাশ করতে অপারগতা জানান মাজেদ আল-আনসারি।

এছাড়াও, আল-জাজিরার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, মানবিক সহায়তা এই চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। তাই যত দ্রুত সম্ভব রাফাহ ক্রসিং থেকে গাজায় আরও ত্রাণসহায়তা প্রবেশের আশা করছেন তারা।
তাদের লক্ষ্য হলো একটি স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে এই চুক্তিটি শেষ করা।

তবে ইসরায়েল শুক্রবার কতজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে তা তিনি প্রকাশ করতে পারবেন না বলে জানিয়েছেন।
এছাড়াও, কেউ যুদ্ধবিরতি চুক্তির কোনো শর্ত ভঙ্গ করলে চার দিন যুদ্ধ সম্পূর্ণ বন্ধ রাখার শর্ত লঙ্ঘন হবে বলে জানান মাজেদ আল-আনসারি।

উল্লেখ্য, গত ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ চলমান রয়েছে। প্রথমবারের মত, দু’পক্ষের সম্মতিতে শুধুমাত্র চারদিনের জন্য চলমান যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *