রোমে দেশীয় সংস্কৃতির আবহে মহিলা সংস্থা ইতালির বার্ষিক বনভোজন

রোমে দেশীয় সংস্কৃতির আবহে মহিলা সংস্থা ইতালির বার্ষিক বনভোজন

নবকণ্ঠ ডেস্ক: প্রবাসজীবনের ব্যস্ততা ও কর্মব্যস্ততার মাঝে পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটানো এবং পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে মহিলা সংস্থা ইতালির বার্ষিক বনভোজন ২০২৬। দেশীয় সংস্কৃতি ও উৎসবের আবহে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনস্থল।

মহিলা সংস্থা ইতালির সভাপতি সৈয়দা মাসুদা আক্তার আরিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুন্নী রওশন আরার পরিচালনায় বনভোজনের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান সুবর্ণা ও সহসভাপতি ফারিয়া আখি।

বিজ্ঞাপন

বনভোজনে মহিলা সংস্থা ইতালির নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যের এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী নয়না আহম্মেদ, লায়লা শাহ, সায়েররা বানু রানী, রিনা আক্তার, ফাতিমা কবির বেবী ও তাহমিনা সুলতানা। এছাড়া বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জাকারিয়া, জাকির হোসেন, ইসরাফিল বারী, ইসলাম উদ্দিন, মামুন আহমেদ, জামিল আহমেদ, শাহীন খলিল কাউসারসহ আরও অনেকে।

দিনব্যাপী আয়োজনে পরিবার-পরিজন নিয়ে অংশ নেওয়া প্রবাসীরা নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেন। শিশু-কিশোরদের জন্য যেমন ছিল বিভিন্ন আনন্দঘন খেলার আয়োজন, তেমনি বড়দের জন্যও রাখা হয় নানা ধরনের প্রতিযোগিতা ও বিনোদনমূলক কার্যক্রম। এতে ছোটদের উচ্ছ্বাসের পাশাপাশি বড়দের মধ্যেও দেখা যায় প্রাণবন্ত অংশগ্রহণ।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ তুলে ধরার উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। বিদেশের মাটিতে এমন অনুষ্ঠান নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে সম্পৃক্ত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা জানান।

বনভোজনকে ঘিরে সকাল থেকেই পুরো আয়োজনস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর পরিবার, স্বজন ও পরিচিতজনদের সঙ্গে একত্রিত হয়ে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, প্রবাসে থেকেও দেশীয় সংস্কৃতি ও সামাজিক পরিবেশের আবহে এমন আয়োজন বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আপনত্বের অনুভূতিকে আরও গভীর করে।

পরিবার-পরিজন ও কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় মহিলা সংস্থা ইতালির বনভোজন ২০২৬।

 

 



নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.