আলেম সমাজকে দাওয়াতি মিশনে আপোষহীন থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

আলেম সমাজকে দাওয়াতি মিশনে আপোষহীন থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

নবকণ্ঠ ডেস্কঃ নিজেদেরকে দাঈ ইলাল্লাহ হিসাবে উপস্থাপন করে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার মাধ্যমে মানুষকে দ্বীন শেখানোর প্রত্যয়ে আত্মনিয়োগ করার জন্য আলেম সমাজের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি গতকাল রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে মাজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘আদর্শ দাঈ গঠনে রাসূলুল্লাহ (সা.)-এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যপক মাওলানা আ ন ম রশীদ আহমাদ মাদানী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল আমীন।

আলোচনা সভায় বক্তব্যকালে, সেলিম উদ্দিন বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বিশ্বনবী (সা.)কে হেদায়াত ও সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছিলেন, অন্যসব বাতিল দ্বীনের ওপর বিজয়ী করার জন্য। তাই আমাদের প্রত্যেকের ওপর দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো ফরজ বা অত্যাবশ্যক। এতে কোন মতবিরোধ করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, রাসূল (সা.) মক্কী জীবনের দীর্ঘ ১৩ বছর লোক গঠনে আত্মনিয়োগ করেছিলেন। তার প্রধান কর্মসূচি ছিল মানুষের চরিত্র গঠন, আত্মগঠন, দাওয়াত সম্প্রসারণ, আকিদা ও দৃষ্টিভঙ্গী পরিবর্তন। তাই দ্বীনে হক্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে আলেম সমাজকে রাসূল (সা.)-এর আদর্শ ও অনুসৃত নীতি গ্রহণ করে জীবনের সকল কর্ম সম্পাদন করতে হবে।

তিনি আলেমদের তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল ও সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে মানুষকে দ্বীন শেখানোর প্রাণান্তকর প্রচেষ্টা আব্যাহত রাখতে আহব্বান করেন। তিনি বলেন, এক্ষেত্রে বেশি বেশি দাঈ সৃষ্টির কোন বিকল্প নেই। মূলত, দাঈদের মাধ্যমেই সমাজ-রাষ্ট্র সঠিক পথে চলার দিক নির্দেশনা পায়। আর কুরআন-সুন্নাহর আলোকে সমাজের সকল স্তরে জাস্টিস প্রতিষ্ঠার চেষ্টা চালানো আলেম সমাজের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য। তিনি কুরআন-সুন্নাহর আলোকে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আলেমদেরকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহবান জানান।

প্রধান আলোচকের আলোচনায় অধ্যাপক নূরুল আমীন বলেন, আলেম সমাজ উম্মাহর শ্রেষ্ঠ সন্তান এবং নবী (আ.)-গণের উত্তরসূরী। আল্লাহ রাব্বুল আলামীন আলেমদেরকে এক অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছেন। তাই দেশ ও জাতির ক্রান্তিকালে তাদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং রাসূল (সা.) আদর্শ অনুসরণ করে দ্বীনে হক্ব প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা আ ন ম রশীদ আহমদ মাদানী বলেন, উম্মাহ, দেশ ও জাতির ক্রান্তিকালে আলেম সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তাই দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সকল মত পার্থক্য ভুলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের উপদেষ্টা ডক্টর মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালি। উপস্থিত ছিলেন মাজলিসুল মুুফাসসিরীনের ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি মাওলানা আ ন ম মাইনুদ্দিন সিরাজী ও মুফতি মাসুদুর রহমান, বিদেশ বিষয়ক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান আজহারী ও মাওলানা আনম আতিকুর রহমান নোমানী প্রমূখ।

-191

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.