নবকণ্ঠ ডেস্ক: হাজার হাজার মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ার মধ্য দিয়ে শেষ বিদায় সম্পন্ন হয়েছে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর। তাঁর মৃত্যুতে কানাইঘাটসহ সমগ্র সিলেট অঞ্চলে শোকের ছায়া নেমে আসে এবং জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
শনিবার (১৩ জুন) বিকেল ৪টা ২০ মিনিটে কানাইঘাটে তাঁর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-উলামা, সামাজিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ অংশ নেন। পরে মাদরাসা ক্যাম্পাসেই তাঁকে দাফন করা হয়।
জানাজা-পূর্ব সমাবেশে বক্তারা মরহুমের দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও দ্বীনি অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনদরদি নেতা, যিনি মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক ও ইসলামী অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম এমপি, সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের নেতা মুফতি মাওলানা আবুল হাসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির আনওয়ার হোসাইন খান, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুস সালাম মাদানি, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান উদ্দিন, সিলেট জেলা উত্তর জামায়াতের সাবেক নায়েবে আমির সৈয়দ ফয়জুল্লাহ বাহার, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, কানাইঘাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজনৈতিক জীবনে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন সিলেট অঞ্চলের অন্যতম পরিচিত মুখ। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের জন্য তিনি রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
