প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত

প্যারিসে জুলাই জার্নাল প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত

নবকণ্ঠ ডেস্কঃ ১৯ জানুয়ারী রবিবার বিকেল ৫ টায় প্রবাসীদের জন্য প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল “জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ” শীর্ষক প্রদর্শনী। অবারভিলাস্থ এক অভিজাত হলে অনুষ্ঠিত এ প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব সাংবাদিক ফয়েজ আহমেদ।

বিকেল ৫ টা থেকে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে রক্তাক্ত জুলাই এর চিত্রকর্ম, রণাঙ্গনের যোদ্ধাদের তৈরী গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান।

নবকণ্ঠ চীফ রিপোর্টার নয়ন মামুনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসে এ আয়োজনের ভুয়সী প্রশংসা করে বলেন, রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের স্মৃতীকথা প্রবাসীদের কাছে তুলে ধরার এ ধরণের প্রয়াস প্রবাসের মাটিতে প্রথম উদাহরণ হিসেবে অন্যান্য দেশের প্রবাসী কমিউনিটিকে প্রেরণা যোগাবে।

ফ্রান্স বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া বলেন, ফ্রান্স প্রবাসী হিসেবে তিনি এটিকে ২০২৪ এর জুলাই নতুন বাংলাদেশ পাওয়ার রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার উৎখাতের ইতিহাস তুলে ধরার একটি প্রয়াস হিসেবে দেখছেন। এমন আয়োজন সকল কমিউনিটি ভিত্তিক গ্রুপের মাধ্যমে মাঝে মধ্যে করা উচিত বলে তিনি মনে করেন।

কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার এ বিষয়ে কমিউনিটির দৃষ্টি আকর্ষন করে সবাইকে এমন আয়োজনের জন্য উৎসাহ প্রদান করেন এবং অনুরুপ প্রদর্শনী ইউরোপের অন্যান্য দেশে করা হলে সাথে থাকবেন বলে আশ্বাস দেন।

এছাড়া অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ছাত্র জনতার জীবনের বিনিময়ে পাওয়া ভবিষ্যত বাংলাদেশে আর আর কখনো স্বৈরাচার সহ্য করা হবে না মন্তব্য করে বক্তব্য রাখেন বিএনপি নেতা মনোয়ার হোসেন মুজাহিদ, সাংবাদিক কায়সার সহ কমিনিটির সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজক নিউজ পোর্টাল নবকণ্ঠ ডট কমের নির্বাহী সম্পাদক আবু তাহির বলেন, এটি ছিল নবকণ্ঠের পক্ষ থেকে প্রবাসীদের সামনে জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার একটি উদ্যোগ। এমন উদ্যোগ সব মহলের নেয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন কেউ একা করে নি, সকলের অংশগ্রহন ছিল, তাই এসকল উদ্যোগ একে অপরের জন্য প্রেরণা হওয়া সময়ের দাবী।

নবকণ্ঠের উপর স্বৈরাচারের থাবা বিষয়ে তিনি বলেন, নবকণ্ঠের প্রিন্ট ভার্শনের সংরক্ষিত কপি যাদের কাছে আছে তারা আজও স্বাক্ষী নবকণ্ঠের পথচলা কতটা কঠিন ছিল স্বৈরাচারের কারণে। শুরু থেকেই রাষ্ট্রযন্ত্রের নানা দূর্নীতি ও গণবিরোধী সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে লিখতেন বর্তমান চিফ এডিটর এন আই মাহমুদ ছাড়াও তৎকালীন সম্পাদক প্যানেলের প্রায় সবাই।

আমার দেশ বন্ধ হবার পর মিনা ফারাহ, ওলিউল্লাহ নোমান, মিনার রশীদের কলাম ছাপা ও অনলাইনে পাবলিশ হবার কারণে চিফ এডিটর এন আই মাহমুদের অফিসিয়াল নম্বরে স্বৈরাচারের ক্রমাগত হুমকি আসতে থাকে। হুমকির মুখে নবকন্ঠ এর ছাপা ভার্শন ২০১৮ সালে বন্ধ হওয়ার আগ পর্যন্ত নবকণ্ঠ সরাসরি স্বৈরাচারের বিরুদ্ধে ও সত্যের পক্ষে সাংবাদিকতার চর্চা করেছে। এবং তার পর থেকে দেশে অবস্থানরত স্টাফদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনলাইনও প্রায় বন্ধ রাখতে হয়েছিল।

এমন কি ফ্রান্সে পতিত স্বৈরাচারের কিছু দুর্বৃত্ত কর্তৃক নবকণ্ঠের পথচলা বন্ধ করার তৎপরতার স্মৃতিচারণ করতে গিয়ে “একটি দুর্বৃত্ত গোষ্ঠী” কর্তৃক প্রিন্ট ভার্শনে অগ্নিসংযোগের ঘোষনা দেয়া হয় বলে তিনি উল্লেখ করেন। দুর্বৃত্ত চক্রটি সাবেক একজন রাষ্ট্রদূতকে বিব্রত করে শুধুমাত্র নবকণ্ঠ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হবার কারণে। এছাড়াও স্বৈরাচারের সমর্থন ভোগী দুর্বৃত্ত চক্রটি সিলেটে দেশের বাড়িতে পুলিশ পাঠিয়ে পারিবারিক ভাবেও হেনস্থার জন্য চেষ্টা করে এবং বিফল হয়ে নানা কুৎসা রটনায় লিপ্ত হয় বলে উল্লেখ করেন আবু তাহির। প্রদর্শনীতে আসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

প্রদর্শনীর আয়োজক নবকন্ঠ ডট কমের সাথে সার্বিক সহযোগিতায় ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্রান্স উইং যেটি মূলত পরে ঘোষনা করা হয় এবং নাম ঘোষনা ছাড়াই আন্দোলনে ফ্রান্সব্যাপি প্রায় সর্বস্তরের মানুষ যুক্ত ছিলেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *