নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ শীর্ষক এক চিত্র ও স্মৃতিপ্রদর্শনী।
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এই আয়োজনটি অনুষ্ঠিত হয় প্যারিসের টাউন হল মিলনায়তনে।
অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
মঙ্গলবারের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।
প্রদর্শনীতে ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তাক্ত গণজাগরণ এবং সেই আন্দোলনের প্রেক্ষাপট চিত্রায়িত হয়।
ছবির ভাষায় তুলে ধরা হয় আন্দোলনের বিভিন্ন ধাপ, ত্যাগ ও প্রতিরোধের অনন্য মুহূর্তগুলো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের,
কমিউনিটি ব্যক্তিত্ব ইমরান আহমদ এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা,
মিশনের উপপ্রধান কাজী এহসানুল হক এবং দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো বিশেষ বাণী অনুষ্ঠানে পড়ে শোনানো হয়।
সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

