নবকণ্ঠ ডেস্ক: বৃহত্তর সিলেটের প্রবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালি-এর সহ-সাংস্কৃতিক সম্পাদক আজির উদ্দিনের বাংলাদেশে সংক্ষিপ্ত সফর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রিপনের পরিচালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক নিজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, কোষাধ্যক্ষ জাকির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মামুন রশিদ, ক্রীড়া সম্পাদক এনামুল হক এবং সদস্য রেদোয়ান, সুফিয়ান, সাইফুল, অলি ও জাবের হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বাংলাদেশ সফর উপলক্ষে সংবর্ধিত অতিথি আজির উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রত্যেক প্রবাসীর নৈতিক দায়িত্ব। দেশের মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বাংলাদেশে অবস্থানকালে আজির উদ্দিন ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনীয় কাজের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবেন। একই সঙ্গে তার এ সফর দেশের মানুষের সঙ্গে প্রবাসীদের আত্মিক সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনায় আরও বলা হয়, বাংলাদেশে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে আজির উদ্দিন যেন সুস্থ ও নিরাপদে ইতালিতে ফিরে আসতে পারেন এবং পরবর্তীতে সংগঠনের অন্যান্য সহযাত্রীর সঙ্গে মিলেমিশে প্রবাসী ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন—এটাই সংগঠনের নেতৃবৃন্দের প্রত্যাশা।
সংবর্ধনার জবাবে আজির উদ্দিন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের মানুষের প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা সবসময়ই থাকবে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
