নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে ওভারভিলিয়ে ফ্রান্সপ্রবাসী কানাইঘাটের গাছবাড়িবাসীদের সংগঠন ‘গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্স’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত এ সভায় ফ্রান্স, যুক্তরাজ্য, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত কানাইঘাট ও গাছবাড়ির প্রবাসীরা অংশ নেন। একপর্যায়ে মতবিনিময় সভাটি ফ্রান্স ও লন্ডনে বসবাসরত কানাইঘাটবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
সভায় গাছবাড়ির স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগব্যবস্থাসহ এলাকার সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গাছবাড়িতে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগকে গুরুত্ব দিয়ে প্রকল্পটির বর্তমান অগ্রগতি, অর্থায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ।
গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি এখলাসুর রহমানের সভাপতিত্বে সভাটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট এবাদুর রহমান, মহিউদ্দিন সুহেল ও জাহাঙ্গীর জামিল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক আবু তাহির দুলাল ও গাছবাড়ি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আবুল ফাতাহ। সভায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুদু, জয়নুল আবেদিন ও শামসুল ইসলাম।

এ ছাড়া গাছবাড়ির উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন জুবায়ের আহমেদ জুবেল, জাকারিয়া আহমেদ রেজা, খায়রুল আলম মাজেদ, ফাহাদ রেজা, কামাল মিলন, শরীফ আহমদ, আতিক সামি, সাহেদ আহমদ, ইয়াহিয়া আহমেদ, আওলাদ হুসেইন, মখলিসুর রহমান, বদরুল ইসলাম, বুলবুল আহমেদ, সাংবাদিক দেলোয়ার হোসেন সেলিম, ইলিয়াস চৌধুরী, আবু সায়েদ, হাফিজ মইন, কামরুল ইসলাম, মিফতাহ উদ্দিন, রূহুল আম্বিয়া, শুয়েব আহমদ, মাহবুবুর রহমান, ফয়সাল মাহমুদ ও ফারুক আহমদসহ অনেকে।
লন্ডন থেকে আগত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মুজিবুর রহমান, শামসুজ্জামান বাহার, খসরুজ্জামান খসরু, মাওলানা দেলোয়ার হোসেন, সালাউদ্দিন খসরু, আবুল মনসুর, মখলিসুর রহমান, আহমেদ ইকবাল চৌধুরী, নোমান আহমেদ, সালিক আহমেদ, ফারুক আহমেদ চৌধুরী, সুলেমান আহমেদ পাটওয়ারী, শামিম আহমদ, কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি কামরুল ইসলাম খালেদ, ইমাদুদ্দিন রানা ও সুলতান আহমেদসহ গাছবাড়ি কমিউনিটির নেতৃবৃন্দ।
হাসপাতাল নির্মাণে প্রবাসীদের বড় উদ্যোগ
সভায় গাছবাড়িতে হাসপাতাল নির্মাণ প্রকল্পটি বিশেষ গুরুত্ব পায়। এ সময় গাছবাড়ি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুলেমান আহমেদ পাটওয়ারী উপস্থিত সবার সামনে হাসপাতাল নির্মাণ প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা, এ পর্যন্ত বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে উপস্থিত প্রবাসীদের অবহিত করেন।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গাছবাড়িতে হাসপাতাল নির্মাণে মোট ১০ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের প্রথম তলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটির বাকি কাজ এগিয়ে নিতে দেশ-বিদেশে বসবাসরত গাছবাড়িবাসী ও কানাইঘাটের প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় ফ্রান্সে বসবাসরত গাছবাড়ি ও কানাইঘাটের প্রবাসীরা হাসপাতাল নির্মাণ প্রকল্পে সম্মিলিতভাবে আড়াই কোটি টাকা প্রদানের আশ্বাস দেন। প্রবাসীদের এ উদ্যোগকে প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বক্তারা বলেন, একটি এলাকার টেকসই উন্নয়নের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছবাড়িতে হাসপাতাল নির্মাণ হলে স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন। প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে গাছবাড়ির স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তারা মন্তব্য করেন।
হাসপাতাল নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে দেশ-বিদেশে বসবাসরত গাছবাড়িবাসীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতে প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কানাইঘাটবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
অনুষ্ঠানের শেষাংশে গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের আহ্বায়ক এখলাসুর রহমান বলেন, গাছবাড়ি ও কানাইঘাটের উন্নয়নে ফ্রান্সপ্রবাসীরা সবসময় সচেতনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এলাকার উন্নয়নে প্রবাসীরা কোনোভাবেই পিছিয়ে থাকবেন না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, গাছবাড়ি ও কানাইঘাটের সার্বিক উন্নয়নে আরও ব্যাপক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। শুধু ফ্রান্স ও লন্ডনে বসবাসরত প্রবাসীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কানাইঘাটবাসীদেরও একটি সমন্বিত উদ্যোগের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে গাছবাড়িসহ পুরো কানাইঘাটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। নিজ এলাকার মানুষের কল্যাণে প্রবাসীদের সামর্থ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শুরুতে রাজু আহসানের নেতৃত্বে ফ্রান্সপ্রবাসী কানাইঘাটের শিল্পীদের পরিবেশনায় দেশের গান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত প্রবাসীরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

