এবার ইয়েমেন উপকূলে ইসরায়েলি জাহাজ আটক

নবকণ্ঠ ডেস্কঃ ইসরায়েল-গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত ১৯ নভেম্বর লোহিত সাগর থেকে ইয়েমেন সমর্থিত হুথি বিদ্রোহীরা গ্যালাক্সি লিডার নামক একটি ইসরায়েলি মালিকানাধীন জাহাজ আটক করে। পরবর্তীতে গত শুক্রবার ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন আরেকটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়।

এবার আবারো ইয়েমেন উপকূলে ইসরায়েলি মালিকানাধীন আরও একটি জাহাজ আটক করা হয়েছে। জোডিয়াক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে যে, সেন্ট্রাল পার্ক নামে তাদের একটি জাহাজ ইয়েমেন উপকূলে ছিনতাই হয়েছে। জোডিয়াক গ্রুপটি ইসরায়েলি ধনকুবের এইয়াল অফারের মালিকানাধীন বলে জানা গেছে। জাহাজটিতে ফসফরিক এসিড বোঝাই রয়েছে বলে জানানো হয়েছে।

এই প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে যে, ওই জাহাজটি একজন তুর্কি ক্যাপ্টেনের অধীনে চলছিলো এবং জাহাজটিতে ২২ জন ক্রু ছিলো। এসব ক্রুরা রাশিয়া, ভিয়েতনাম, বুলগেরিয়া, ভারত, জর্জিয়া ও ফিলিপাইনের নাগরিক বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি এসব ক্রুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে জানিয়েছে বিবৃতিটিতে।

তবে জাহাজটি কারা আটক করেছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সরিয়ি সামাজিক মাধ্যমে শুধু একটি শব্দ ‘জেডআইএম’ লিখে পোস্ট দিয়েছেন।

গ্লোবাল মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাম্ব্রে জানিয়েছে যে, ছিনতাইকারীরা সেন্ট্রাল পার্ক জাহাজটিকে ইয়েমেনের হুদায়দা বন্দরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং জানিয়েছে যে এ নির্দেশ পালন না করা হলে জাহাজটির ওপর হামলা করা হবে।

উল্লেখ্য, হুথিরা এর আগে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলো যে, ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের বৈধ টার্গেট।

 

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.