
নবকণ্ঠ ডেস্কঃ পাঁচ দিনের এক সফরে প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমেদ বর্তমানে গ্রীসে অবস্থান করছেন। গত বৃহষ্পতিবার বিকেলে তিনি এথেন্সের এলিফথেরোস ভেনিজেলোস বিমানবন্দরে এসে পৌঁছুলে তাকে স্বাগত জানান গ্রীসে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমেদ ও শ্রম কাউন্সিলর বিশ্বজিত পাল সহ দূতাবাসের কর্মকর্তাগন। এসময় স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, গ্রীস আওয়ামীলীগের সভাপতি মান্নান মাতব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার এবং সাংগঠনিক লোকমান উদ্দীন সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
আমাদের গ্রীস প্রতিনিধি লোকমান উদ্দীন জানান, মুজিব বর্ষের কর্মসূচীর আলোকে গ্রীসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির আওতায় নিয়ে আসতে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করা সংক্রান্ত বিষয়ে গ্রীক প্রশাসনের সাথে আলোচনায় বসার উদ্দেশ্যে আয়োজিত এ সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনির সালেহীন ,বাংলাদেশ ওয়েজ-আর্নার বোর্ডের মহা-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান ,অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচারিয়া খোকন (এনডিসি) প্রধান মন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক মোহাম্মদ সারোয়ার আলম ,পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ মনোয়ার মোকাররম এবং পিডব্লিউডি’র প্রকৌশলী কাজী ফিরোজ হাসান।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস সহ আরো কতিপয় কমিউনিটি সংস্থার পক্ষ থেকেও মন্ত্রীকে বরণ করে নেয়া হয় পর্যায়ক্রমে। এথেন্স, থেসালোনিকি সহ কয়েকটি শহরের কমিউনিটি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতের জন্য জড়ো হন এথেন্সে। মন্ত্রী এথেন্স থেকে প্রায় সাড়ে তিন শ কিলোমিটার দূরের বাংলাদেশি অধ্যুষিত গ্রাম মানোলাদা পরিদর্শন করে সেখানে প্রবাসীদের বসবাস, কর্মসংস্থান, সামাজিক নানা সুবিধা ও অসুবিধা নিয়ে স্থানীয় মেয়রের সাথে বৈঠকে বসার পরিকল্পনা করেছেন।
এ সফরের মাধ্যমে গ্রীসে অবস্থানরত বাংলাদেশীরা কুটনৈতিক নানা সুবিধা সহ যে সকল সমস্যায় ভুগছিলেন তার অনেক সমাধান পাবেন বলে আশা করা হচ্ছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
