নবকণ্ঠ ডেস্কঃ জুলাই গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) প্রসিকিউশন। আগামীকাল রোববার ট্রাইব্যুনালে এ প্রক্রিয়া শুরু হবে।
শনিবার প্রসিকিউশন পক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববারের আদালত কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। এদিনই ট্রাইব্যুনালে মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা পূর্বেই জানিয়েছিলেন। তিনি ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক ওই সভায় বক্তব্য দেন।
এদিকে, সরাসরি সম্প্রচারের প্রস্তুতি হিসেবে ট্রাইব্যুনাল-১ এর বিচারকক্ষে ইতোমধ্যেই ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত ২০ মে ফেসবুক পোস্টে জানান, এই উন্নয়নের ফলে আদালতের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি বা রেকর্ডকৃত আকারে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা সম্ভব হবে। তার পোস্ট অনুযায়ী, “জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য” এই প্রযুক্তিগত ব্যবস্থা করা হয়েছে।
এই সিদ্ধান্ত আইসিটির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ মোড়, যা বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার নতুন মাত্রা যোগ করতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। তবে মামলার উচ্চ রাজনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় এর প্রভাব ব্যাপকভাবে অনুসরণ করা হবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

