নবকণ্ঠ ডেস্কঃ বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। এ বৃত্তিতে স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রামে পড়া যাবে। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।
এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বিনা খরচে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাবেন। কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস, যা KFUPM নামে পরিচিত, সৌদি আরবের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। বিশ্ববিদ্যালয়টি উচ্চমানের শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। সৌদি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা এবং ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো দেশের পাশাপাশি সমগ্র অঞ্চলে সর্বাধিক সম্মানিত। ৩০টি মাস্টার্স প্রোগ্রাম এবং ১০টি মেডিকেল বিষয়ের প্রোগ্রামের আন্তর্জাতিক পাঠক্রম এবং গবেষণার সুযোগ দেওয়া হচ্ছে এই কিং ফাহাদ ফুল ফ্রি স্কলারশিপে।
যেসব সুযোগ দেওয়া হবে, সেগুলো হলো সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে, মাসিক উপবৃত্তি দেওয়া হবে, আবাসনের ব্যবস্থা, স্বাস্থ্য বিমা, পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ, বিমানে আসা-যাওয়ার খরচ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনা মূল্যে খাবার, তা ছাড়া রয়েছে গবেষণা ও বই প্রকাশের সুযোগসহ অন্যান্য আন্তর্জাতিক সুযোগ-সুবিধা।
KFUPM-এর একজন মুখপাত্র বলেছেন, “আমরা বিশ্বাস করি যে শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সম্প্রদায় গড়ে তোলা সম্ভব। বাংলাদেশি শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবে।”আগ্রহী শিক্ষার্থীদের এই সুযোগটি কাজে লাগাতে KFUPM-এর ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এই স্কলারশিপের আবেদন করার জন্য কোনো খরচ দিতে হবে না। তবে যোগ্যতার মানদণ্ড হিসাবে পিএইচডির জন্য দিতে হবে দুই বছরের মাস্টার্স ডিগ্রি এবং মাস্টার্সের জন্য দিতে হবে চার বছরের ব্যাচেলর ডিগ্রি। দিতে হবে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র। আবেদনকারীদের অবশ্যই কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপের সব যোগ্যতা পূরণ করতে হবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
