নবকণ্ঠ ডেস্কঃ জার্মানি ২০২৩ সালে দুই লাখের বেশি বিদেশিকে নাগরিকত্ব প্রদান করেছে, যা আগের বছরের তুলনায় তুলনায় অন্তত ১৯% বেশি। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, ২০০০ সালের পর রেকর্ড সংখ্যক বিদেশি জার্মানির নাগরিকত্ব পেয়েছেন।
জার্মান পাসপোর্ট প্রাপ্তিতে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সিরিয়া, তুরস্ক, ইরাক, রোমানিয়া এবং আফগানিস্তান। এই দেশগুলোর নাগরিকরা বিভিন্ন কারণে জার্মানিতে অভিবাসন করে থাকেন, যেমন নিরাপত্তার খোঁজে, উচ্চশিক্ষার সুযোগ, উন্নত জীবনযাত্রা, এবং কর্মসংস্থানের সুবিধা। সর্বোচ্চ সংখ্যক ৭৫,৫০০ সিরিয়ার নাগরিক গত বছর জার্মান পাসপোর্ট পেয়েছেন। গড়ে ছয় বছর নয় মাস ধরে জার্মানিতে ছিলেন তারা। এদের মধ্যে ৬৪% পুরুষ।
দ্বিতীয় অবস্থানে আছে তুরস্ক ও ইরাকের নাম। গত বছর এ দুটি দেশ থেকে ১০,৭০০ জন করে জার্মানির পাসপোর্ট পেয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে, নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ইরাকিদের সংখ্যা আগের চেয়ে ৫৭% বেড়েছে। আর তুরস্কের ক্ষেত্রে তা ২৫% কমেছে।
এই পরিস্থিতি আংশিকভাবে অভিবাসন নীতির শিথিলকরণের ফল এবং দেশটির অভিবাসী বন্ধুপ্রতিম নীতি প্রদর্শন করে।
সরকারি পরিসংখ্যান বলছে, জার্মানিতে বসবাসরত এক কোটি ২০ লাখ বা ১৪% অভিবাসীর জার্মান পাসপোর্ট নেই। এদের মধ্যে আবার ৫৩ লাখ মানুষ অন্তত দশ বছর ধরে জার্মানিতে বসবাস করছেন। বার্ধক্যসহ বিভিন্ন কারণে তৈরি হওয়া শ্রম ঘাটতি মেটাতে জার্মানি তার নাগরিকত্ব আইনের আধুনিকায়ন করেছে। নতুন নিয়মে যারা জার্মানির নাগরিকত্ব চেয়ে আবেদন করবেন, তাদের আগের নাগরিকত্ব ছাড়তে হবে না। দুই দেশের আইনি কাঠামোকে বিবেচনায় নিয়ে দ্বৈত নাগরিকত্বের সুযোগ রাখা হয়েছে নতুন নিয়মে। নাগরিকত্ব অর্জনের সময়সীমা আট বছর থেকে কমিয়ে করা হয়েছে পাঁচ বছর।
জর্মানে নাগরিকত্ব প্রাপ্তির শর্তগুলির মধ্যে রয়েছে জার্মান ভাষার দক্ষতা, দীর্ঘস্থায়ীভাবে জার্মানিতে বাস করা, এবং সমাজের সাথে সংহত হওয়া। অনেক অভিবাসী উচ্চশিক্ষা, কর্মসংস্থান, এবং জীবনমানের উন্নতির জন্য জার্মানিকে পছন্দ করছেন।
এই ধরনের নীতিমালা অভিবাসীদের জন্য যেমন সুযোগ সৃষ্টি করে, তেমনি দেশটির অর্থনীতি এবং সমাজের জন্যও ইতিবাচক প্রভাব ফেলে। অভিবাসীরা নতুন কর্মসংস্থান সৃষ্টি, শ্রমশক্তির উন্নয়ন, এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

