নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দক্ষ জনশক্তিতে পরিণত করে রেস্টুরেন্ট খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ‘সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’-এর উদ্যোগে পরিচালিত বিনামূল্যের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। ছয় সপ্তাহব্যাপী এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শনিবার (১ আগস্ট) প্যারিসের ফাস্তি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গত ১১ জুলাই শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম ব্যাচে অংশ নেওয়া ১৬ জন প্রবাসী বাংলাদেশি সফলভাবে কোর্স সম্পন্ন করেন। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে উপস্থিতি সনদ তুলে দেন।
অনুষ্ঠানে সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান বাবু, এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, অনলাইন নিউজ পোর্টাল ফ্রান্স ট্রিবিউনের সম্পাদক শাবুল আহমেদ এবং চ্যানেল ইউরোপের ফ্রান্স প্রতিনিধি জুনেদ ফারহান উপস্থিত ছিলেন।
অতিথিরা ‘সাফ’-এর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা সুশির ইতিহাস, আন্তর্জাতিক মানের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি সুশি রাইস প্রস্তুত, মাছ কাটার কৌশল এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সুশি তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষক সুশি শেফ আব্দুর রহমান বলেন, প্রশিক্ষণার্থীরা অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে কোর্স সম্পন্ন করেছেন। তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তারা এখন ফ্রান্সের রেস্টুরেন্ট খাতে পেশাদারভাবে কাজ করার জন্য প্রস্তুত।
সংগঠনের প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, প্রবাসী বাংলাদেশিদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ‘সাফ’-এর প্রধান লক্ষ্য। প্রথম ব্যাচের সাফল্য ভবিষ্যতে আরও কর্মমুখী প্রশিক্ষণ আয়োজনের অনুপ্রেরণা জুগিয়েছে এবং এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, বিনামূল্যে আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণে অংশ নিয়ে তারা বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন। তাদের বিশ্বাস, এই অভিজ্ঞতা ফ্রান্সের রেস্টুরেন্ট শিল্পে কর্মসংস্থান লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘সাফ’-এর সিনিয়র সহসভাপতি ইরান, রুমন আহমেদ এবং সাধারণ সম্পাদক শাহীন আহমদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ব্যাচের সফল সমাপ্তির ধারাবাহিকতায় খুব শিগগিরই ‘সাফ সুশি ফরমাসিঁও’-এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
