ফ্রান্সে উদযাপিত হলো 'উৎসব মূখর সশস্ত্র বাহিনী দিবস'

ফ্রান্সে উদযাপিত হলো ‘উৎসব মূখর সশস্ত্র বাহিনী দিবস’

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে যথাযথ মর্যাদায় এক উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
গত ২১ নভেম্বর ( মঙ্গলবার ), দিবসটি উপলক্ষ্যে প্যারিসের স্থানীয় টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন বন্ধু প্রতীম দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টাগণ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফ্রান্সে বসবাসরত প্রবাসী মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেকেই।

বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান। তারা তাদের বক্তব্যে এই দিবসটির মর্যাদা তুলে ধরেন।

এ সময় তারা মুক্তিযুদ্ধ চলাকালে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো বলে মন্তব্য করেন এবং এর পাশাপাশি দেশ গঠনেও এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান।
এছাড়াও বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গঠন ও উন্নয়নের চিত্রও তুলে ধরেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বিশেষ করে তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সশস্ত্র বাহিনীর পুনর্গঠন, আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এ বাহিনীকে একটি যুগোপযোগী ও পেশাদার বাহিনী হিসেবে গঠন করতে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও অসামান্য অবদান ও ঐকান্তিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অসামান্য এবং উল্লেখযোগ্য কার্যক্রম নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্রও প্রদর্শিত হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে অর্থাৎ ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী মিলে একইসাথে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করে।
তারপর এই দিনটিকে সশস্ত্র বাহিনি দিবস হিসেবে ঘোষণা করা হয়।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *