নবকণ্ঠ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করেছে ছাত্ররা। গতকাল বুধবার বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এই ঘটনা ঘটে। ছাত্ররা ফজলুর রহমানের বিরুদ্ধে ‘রাজাকারের ছেলে’ ও ‘আলবদরের ছেলে’ মন্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে। একইসঙ্গে তারা তার গ্রেফতার ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানায়।
ঘটনার সূত্রপাত হয় অনলাইন টকশো ‘ফেস দ্য পিপল’-এ। সেখানে ফজলুর রহমান ছাত্র প্রতিনিধি মিনহাজ উদ্দিনকে ‘রাজাকারের ছেলে’ ও ‘আলবদরের ছেলে’ বলে সম্বোধন করেন। মঙ্গলবার রাতে টকশোর এই ক্লিপস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক নিন্দার জন্ম দেয়। ছাত্ররা এটিকে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সরাসরি আঘাত হিসেবে দেখে।
বিক্ষোভকারীরা বলেন, ফজলুর রহমানের এই মন্তব্য সৈরাচারী হাসিনার পূর্বের একটি বক্তব্যের পুনরাবৃত্তি, যেখানে তিনি ছাত্রদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে উল্লেখ করেছিলেন। ছাত্ররা দাবি করে, এই ধরনের মন্তব্য তাদেরকে আতঙ্কিত করে এবং জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে।
জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান বলেন, “ফজলুর রহমানের মতো নব্য ফ্যাসিবাদীদের আমরা আর সহ্য করব না। স্বাধীন বাংলাদেশে কাউকে ‘রাজাকারের সন্তান’ বললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ সরকার ফজলুর রহমানের গ্রেফতার ও ক্ষমা চাওয়ার দাবি জানান।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
