নবকণ্ঠ ডেস্কঃ মানিকগঞ্জের দৌলতপুরের মেধাবী তরুণ জুলহাস মোল্লা নিজের তৈরি উড়োজাহাজে আকাশে উড়ে সারা দেশে সাড়া ফেলেছেন। আর্থিক সংকটে মাধ্যমিকের পর পড়াশোনা বন্ধ হলেও বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ তাকে এনে দিয়েছে এই অসাধারণ সাফল্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলহাসকে ৫০ হাজার টাকা নগদ সহায়তা ও বিমানে ভ্রমণের সুযোগ দেওয়ার পাশাপাশি তার মেধাকে এগিয়ে নিতে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছে দলটি।
জুলহাস মোল্লার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। ২০১৪ সালে এসএসসি পাসের পর আর্থিক অনটনে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি তার। বর্তমানে ঢাকায় বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করে সংসার চালান তিনি। তবে শৈশব থেকেই প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নেশা তাকে চার বছর ধরে আলট্রালাইট উড়োজাহাজ তৈরিতে উদ্বুদ্ধ করে। ইউটিউব ও বইয়ের সাহায্যে স্বশিক্ষিত জুলহাস পাম্প ইঞ্জিন, অ্যালুমিনিয়াম ও এসএস শিট ব্যবহার করে ১০০ কেজি ওজনের এই উড়োজাহাজটি তৈরি করেন, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। গতকাল যমুনার চরে ৫০ ফুট উচ্চতায় সফলভাবে উড্ডয়ন করেন তিনি।
বিএনপি নেতারা জুলহাসের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ভবিষ্যতের সহযোগিতার কথা জানান। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, “জুলহাসের মেধাকে জাতীয় পর্যায়ে কাজে লাগাতে চাই। তাকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ দেওয়া হবে।” জুলহাস নিজেও সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় প্রজেক্টে কাজ করতে আগ্রহী।
স্থানীয়রা জানান, প্রথমে জুলহাসকে পাগল ভাবলেও এখন তার সাফল্যে গর্বিত সবাই। তার বাবা জলিল মোল্লা বলেন, “ছোটবেলা থেকেই ও কিছু না কিছু বানাতো। আজ সত্যিই সবার সামনে প্রমাণ করল।” জুলহাসের এই অদম্য প্রচেষ্টা দেশের তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছে যে অদৃশ্য প্রতিবন্ধকতাও প্রতিভাকে থামাতে পারে না। বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করতে জুলহাসের মতো মেধাবীদের পাশে দাঁড়ানোর তাগিদ দিচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
