নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দেশের উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শনিবার দুপুরে প্যারিসের বাংলাদেশ দূতাবাসের হলরুমে ফ্রান্সপ্রবাসী কমিউনিটি নেতা, সাংবাদিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে ফারুকী বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই দায়িত্ব শেষ করছেন না; দেশ গঠনে তাদের অংশগ্রহণ, সুপরামর্শ ও বিনিয়োগের মাধ্যমে আরও বড় ভূমিকা রাখা সম্ভব। তিনি জুলাই বিপ্লবে প্রবাসীদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে উল্লেখ করেন, “জাতীয় সংকটে প্রবাসীরা সর্বদাই পথপ্রদর্শকের ভূমিকা রেখেছেন। এবারও দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাদের এগিয়ে আসতে হবে।” এ প্রসঙ্গে তিনি দেশে বিনিয়োগে প্রবাসী ব্যবসায়ীদের আগ্রহী হওয়ার আহ্বান জানান।
সভায় ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় অনন্য অবদানের জন্য তিনি বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার এর বিশেষভাবে প্রশংসা করেন। তিনি বলেন, “ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় এই প্রতিষ্ঠানগুলোর কাজ প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।”
এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, বাংলাদেশ কমিউনিটি মসজিদের সেক্রেটারি কাজী হাবিব। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাংবাদিক ওমর ফারুক ও আইয়ুব আলী প্রমুখ। রাষ্ট্রদূত তালহা প্রবাসীদের সাথে সরকারের নিয়মিত যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
উপদেষ্টা জনাব ফারুকীর এই উদ্যোগকে ফ্রান্স প্রবাসীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের সাথে এই সংলাপ প্রবাসীদের মাঝে দেশগঠনের নতুন প্রেরণা সৃষ্টি করবে। অর্থনৈতিক সহযোগিতা, সংস্কৃতি রক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে প্রবাসীদের ভূমিকা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
