নবকণ্ঠ ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গত রবিবার দেশটির স্থানীয় সময় ভোরের দিকে রাজধানী ফ্রিটাউনের বিভিন্ন অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। যার ফলে পুরো নগরীতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেশটির সামরিক ব্যারাক, কারাগার এবং আরও কয়েকটি স্থানে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। যদিও দেশটির সরকার জানিয়েছে যে, তারা হামলা প্রতিহত করেছে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে; কিন্তু উক্ত হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
এছাড়াও, হামলার ঘটনার পর ফ্রিটাউনের একটি কারাগার থেকে প্রায় ২০০০ জন বন্দি পালিয়ে গেছে। হামলাকারীরা এসব বন্দীদের পালাতে সাহায্য করেছিলো বলে জানা গেছে।
ফ্রিটাউনের বিভিন্ন স্থানে এই হামলার ঘটনায় সিয়েরা লিওনের সাবেক প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমার দেহরক্ষীরা জড়িত বলে জানিয়েছে দেশটির সরকার।
দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ইসা বেঙ্গুরা সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন যে, এই হামলায় নিহত ২০ জনের মধ্যে ১৩ জন সৈনা সদস্য, ১ জন পুলিশ কর্মকর্তা, ১ জন বেসামরিক ও ১ জন বেসামরিক নিরাপত্তা কর্মী রয়েছেন। এছাড়াও, হামলাকারীদের মধ্যে ৩ জনও নিহত হয়েছে বলে জানা গেছে।
তবে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বায়ো রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং হামলার সঙ্গে জড়িত অধিকাংশ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশটিতে কারফিউ জারি থাকবে বলে জানান তিনি।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

