নবকণ্ঠ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের নেতারা একমত হয়ে জানিয়েছেন যে, যদি রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন আক্রমণ করে তবে তারা রাশিয়ার উপর আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।
নেতারা তাদের চূড়ান্ত শীর্ষ সম্মেলনের বিবৃতিতে ইউএস এবং ইউকে মিত্রদের উল্লেখ করে বলেছেন যে, ইউক্রেনের বিরুদ্ধে আর কোনো সামরিক আগ্রাসন চালানো হলে তার পরিণতি ভয়াবহ হবে এবং চড়া মূল্য দিতে হবে।
এই শীর্ষ সম্মেলনে কোনো নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক হয়নি। তবে কূটনীতিকরা বলেছেন যে নতুন পদক্ষেপের মধ্যে রাশিয়ান অলিগার্চদের টার্গেট করা, বেসরকারী রাশিয়ান ব্যাঙ্কগুলির সাথে ইইউ লেনদেন নিষিদ্ধ করা এবং সম্ভবত আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের প্রাণশক্তি সুইফট (SWIFT) নেটওয়ার্ক থেকে সমস্ত রাশিয়ান ব্যাঙ্ক বাদ দেওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে।
২০১৪-২০১৫ সালে জার্মানি, ফ্রান্স, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার শান্তি চুক্তির কথা উল্লেখ করে ইইউ নেতারা বলেন যে, ব্লকটি মিনস্ক চুক্তির পূর্ণ বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টাকে উৎসাহিত করে এবং নরম্যান্ডি ফরম্যাটকে সমর্থন করে।
এদিকে ওয়াশিংটন জানিয়েছে যে, রাশিয়া ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সৈন্য জড়ো করেছে। ধারণা করা হচ্ছে যে, তারা ইউক্রেন আক্রমণ করার লক্ষ্যে এসকল সৈন্য জড়ো করেছে। কিন্তু মস্কো জানিয়েছে যে তার সীমানার মধ্যে তার সৈন্যদের জড়ো করার অধিকার দেশটির আছে এবং এটি তাদের রক্ষণাত্মক কৌশলের অন্তর্ভুক্ত।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ও জানিয়েছেন যে, রাশিয়া সীমান্তে তার সৈন্য সংখ্যা বাড়িয়ে চলেছে, কমাচ্ছে না।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
