
নবকণ্ঠ ডেস্কঃ জানুয়ারির ১ তারিখ থেকে নিয়ম অনুযায়ী ৬ মাসের জন্য ইউরোপীয় ইউনিয়নের রোটেটিং প্রেসিডেন্সির দায়িত্ব পেয়েছে ফ্রান্স। এর ফলে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাখোঁ এপ্রিলে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের দৌঁড়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন।
৪৪ বছর বয়সী এই নেতা সবসময়ই ইউরোপকে একত্রীকরণের জন্য নিজের উচ্চাকাঙ্খার কথা ব্যক্ত করেন। বিগত চার বছর ধরে এঞ্জেলা মের্কেলের পাশে থেকে গতিশীল সহযোগী হিসেবে নিজেকে প্রমাণ করে আসছেন ম্যাখোঁ।
ম্যাখোঁ ইতোমধ্যেই ২৭ সদস্যের এই ব্লকটির জন্য একটি উচ্চাভিলাষী এজেন্ডা ঘোষণা করেছেন যা পুনরায় নির্বাচনের জন্য তার ঘরোয়া প্রচারণার অংশ হিসেবেও কাজ করে।
নববর্ষের প্রাক্কালে এক ভাষণে তিনি বলেন, ২০২২ সাল অবশ্যই ইউরোপের জন্য একটি টার্নিং পয়েন্ট হবে। এসময় তিনি কোভিড-১৯ সংকটের সময় ইইউ’র ভূমিকাকে স্বাগত জানান।
আন্তর্জাতিক মঞ্চে পা রাখাটা যে কোনো ফরাসি প্রেসিডেন্টের জন্য একটি জনপ্রিয় পদক্ষেপ।
উল্লেখ্য, নিয়ম অনুযায়ী প্রতিটি ইউরোপীয় দেশই ৬ মাসের জন্য কাউন্সিলের এই রোটেটিং প্রেসিডেন্সির সুযোগ পায়। এতে সদস্য রাষ্ট্রগুলো ব্লকের সহকর্মী নেতাদের জন্য এজেন্ডা সেট করার সুযোগ পায়। তবে তা অবশ্যই বিভিন্ন নিয়ম মেনে করতে হয়।
